অষ্টম অভিযোগ খণ্ডন করে আসামিপক্ষের যুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানিতে আসামিপক্ষ গতকাল রোববার অষ্টম অভিযোগ খণ্ডন করে যুক্তি উপস্থাপন করেছে। গতকাল ছিল যুক্তি উপস্থাপনের চতুর্থ এবং আপিল শুনানির ২৮তম দিন।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন। সাঈদীর বিরুদ্ধে আনা অষ্টম অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন করে গতকাল বক্তব্য দেন তাঁর আইনজীবী এস এম শাহজাহান। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।
শুনানিতে সাঈদীর আইনজীবী বলেন, সাঈদী পাকিস্তানি বাহিনীর সঙ্গে কী যেন বলাবলি করছিলেন, তারপর ইব্রাহিম কুট্টিকে গুলি করে—এ কথা চতুর্থ সাক্ষী সুলতান আহমেদ হাওলাদার তদন্ত কর্মকর্তার কাছে বলেননি। ষষ্ঠ সাক্ষী মানিক পশারির বক্তব্যে এসেছে তিনি জঙ্গলে লুকিয়ে ছিলেন। জঙ্গলে থেকে ঘটনা দেখা সম্ভব নয়। ২০০৯ সালের ১২ আগস্ট পিরোজপুরে করা মামলায় ওই সাক্ষী সপ্তম সাক্ষী মফিজ উদ্দিন পশারিকে অপহরণ বা নির্যাতনের বিষয়ে বলেননি। ওই মামলায় ষষ্ঠ সাক্ষী বাড়ি থেকে পালিয়ে গেছেন বলেননি। এমনকি জঙ্গলে থেকে ঘটনা দেখেছেন এ কথাও বলেননি। তদন্ত কর্মকর্তাও জেরায় স্বীকার করেন, ষষ্ঠ সাক্ষী তাঁর সাক্ষ্যের গুরুত্বপূর্ণ অংশ তদন্ত কর্মকর্তার কাছে বলেননি।
অষ্টম অভিযোগে বলা হয়, একাত্তরের ৮ মে বেলা তিনটার দিকে সাঈদী ও তাঁর দলের সদস্যরা চিথোলিয়া গ্রামের মানিক পশারির বাড়ি লুট করেন। সেখান থেকে মানিক পশারির ভাই মফিজুদ্দিন ও ইব্রাহিমকে ধরে নিয়ে যান। এখানে পাঁচটি ঘরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেনাক্যাম্পে ফিরে যাওয়ার সময় সাঈদীর প্ররোচনায় পাকিস্তানি সেনারা ইব্রাহিমকে হত্যা করে একটি সেতুর কাছে লাশ ফেলে দেয়। মফিজকে সেনাক্যাম্পে নির্যাতন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তবে অষ্টম ও দশম অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে তাঁকে দণ্ড দেওয়া হয়নি। ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে।