অষ্টম অভিযোগের বিষয়ে যুক্তি খণ্ডন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে অষ্টম অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন করছে আসামিপক্ষ। গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ ২৯তম দিনের মতো শুনানি নেন।
সাঈদীর আইনজীবী এস এম শাহজাহান গতকাল পঞ্চম দিনের মতো যুক্তি দেন। এ সময় রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।
যুক্তিতে এস এম শাহজাহান বলেন, চিথোলিয়ায় মানিক পশারির বাড়ি থেকে ইব্রাহিম কুট্টিকে ধরে নিয়ে হত্যা করার অভিযোগ সত্য নয়। সাক্ষীদের বক্তব্যে এসেছে, তাঁকে একাত্তরের ১ অক্টোবর তাঁর শ্বশুরবাড়ি নলবুনিয়া থেকে ধরে নিয়ে হত্যা করা হয়।
আইনজীবী বলেন, অষ্টম অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষে নয়জন সাক্ষ্য দেন। সাক্ষ্য পর্যালোচনায় দেখা যায়, রাষ্ট্রপক্ষের ১২ নম্বর সাক্ষী এ কে এম আউয়াল বলেছেন, তিনি শুনেছেন সাঈদী জড়িত থাকতে পারেন। কিন্তু এ কথা তিনি তদন্ত কর্মকর্তার কাছে বলেননি। রাষ্ট্রপক্ষের ১১ নম্বর সাক্ষী আবদুল জলিল শেখ বলেছেন, তিনি মানিক পশারির বাড়িতে আগুন দেওয়ার দিন মানিকের ভাই আলমগীরসহ অন্যদের বাড়ি থেকে পালাতে দেখেছেন। কিন্তু মানিক জানিয়েছেন, আলমগীর তাঁর চেয়ে ৩০ বছরের ছোট। তদন্ত কর্মকর্তা বলেছেন, আলমগীরের বয়স এখন ৩৩। কাজেই দেখা যায়, ওই সময় আলমগীরের জন্মই হয়নি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।