প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার আজকের নিয়মিত বৈঠকে ওয়েজবোর্ড-সংক্রান্ত সুপারিশ ও প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সপ্তম মজুরি বোর্ড রোয়েদাদে বিদ্যমান মূল বেতনের ৭০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড।
বোর্ডের প্রস্তাব অনুযায়ী, সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা শহরের ক্ষেত্রে বাড়িভাড়া বাবদ মূল বেতনের ৭০ শতাংশ এবং অন্যান্য স্থানে ৬০ শতাংশ পাবেন। তাঁরা চিকিত্সা ভাতা পাবেন মাসে এক হাজার ৫০০ টাকা।
বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রথম আলো ডটকমকে বলেন, মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মন্ত্রিসভা কমিটি। ঈদের পরপরই এ কমিটির বৈঠক ডাকা হবে। ওই বৈঠকের পরই গেজেট প্রকাশ করা হবে এবং গেজেট প্রকাশের দিন থেকে ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হবে বলে ইনু আশা প্রকাশ করেন। তিনি বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েজবোর্ড বাস্তবায়ন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই দেরি করা যাবে না।
সুপারিশে বলা হয়েছে, মফস্বল সাংবাদিকেরা মাসিক রিটেইনার ভাতা সাড়ে তিন হাজার টাকা, যাতায়াত ভাতা দেড় হাজার টাকা, রিটেইনার ভাতার সমপরিমাণ দুটি উত্সব ভাতা ও এক হাজার টাকা মাসিক চিকিত্সা ভাতা পাবেন। আগের মতোই মালিক কর্তৃপক্ষ সাংবাদিক-কর্মচারীদের আয়কর পরিশোধ করবেন বলে সুপারিশে বলা হয়েছে।
অষ্টম ওয়েজবোর্ড সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য ১৫টি বেতনক্রম নির্ধারণ করেছে। সপ্তম মজুরি বোর্ড রোয়েদাদে নয়টি বেতনক্রম ছিল।
বৈঠক শেষে অতিরিক্ত সচিব খন্দকার এম ইফতেখার হায়দার সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য অষ্টম ওয়েজবোর্ডের সঙ্গে অভিন্ন মত প্রকাশ করে এবং অষ্টম ওয়েজবোর্ডের সুপারিশমালা বাস্তবায়নের জন্য একটি মন্ত্রিসভা কমিটি করেছে। তিনি বলেন, কমিটির প্রধান হচ্ছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। অন্য সদস্যরা হলেন তথ্য, স্বরাষ্ট্র, যোগাযোগ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী।
ব্রিফিংয়ে বলা হয়, কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে এবং এই রিপোর্ট সরকার অনুমোদন করার পর ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করা হবে। গেজেট প্রকাশের তারিখ থেকে অষ্টম ওয়েজবোর্ড কার্যকর হবে।
এ ছাড়া মন্ত্রিসভা আজ পটুয়াখালীর কলাপাড়ায় একটি সমুদ্রবন্দর নির্মাণের লক্ষ্যে পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন ২০১৩-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।