অষ্টম ওয়েজ বোর্ড গঠনে নোয়াবের সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সংবাদপত্রশিল্পের জন্য বহুল প্রত্যাশিত অষ্টম ওয়েজ বোর্ড গঠনে নীতিগতভাবে সম্মত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে বৈঠককালে নোয়াব এই সম্মতির কথা জানায়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট অন্য সবার সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, নোয়াবের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্রশিল্প-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী তাঁদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।নোয়াবের নেতারা যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপ পোলের জরিপে শেখ হাসিনার প্রতি জনগণের ৭৭ শতাংশের সমর্থন থাকায় এবং মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্রসীমা নিয়ে আইনগত লড়াইয়ে বাংলাদেশের জয়লাভের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।বৈঠকে অন্যান্যের মধ্যে নোয়াবের সভাপতি ও ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ইত্তেফাক-এর সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সংবাদ-এর সম্পাদক আলতামাস কবীর, জনকণ্ঠর সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত উপস্থিত ছিলেন। বাসস।