অষ্টম ওয়েজ বোর্ড গঠনে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যত শিগগির সম্ভব সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড গঠনে পদক্ষেপ নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। খবর বাসসের।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়ার নেতৃত্বে ইউনিয়নের একটি প্রতিনিধিদল গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষা ৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।বৈঠকে প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য একটি কল্যাণ তহবিল গঠনে সরকারের পক্ষ থেকে ৩০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। বৈঠকে তিনি তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য পৃথক নীতি প্রণয়নের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী ১৯৭৪ সালের সংবাদপত্র কর্মচারী চাকরিবিধি পুনর্বহালে সাংবাদিকদের দীর্ঘদিনের দাবিটি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন।বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।এর আগে বিএফইউজের সভাপতি ও মহাসচিব সাংবাদিকসমাজের বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীকে দেন। দাবির মধ্যে রয়েছে অষ্টম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিকদের আবাসন সমস্যার সমাধান।পঞ্চদশ সংশোধনী সংবিধানের রক্ষাকবচ: প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের রক্ষাকবচ বলে মন্তব্য করে বলেন, আর যাতে কেউ সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে, এই সংশোধনীর মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে। বিরোধী দলের নেত্রীর এটা পছন্দ হয়নি।সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মতো ঔদ্ধত্য ও ধৃষ্টতাপূর্ণ এবং রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য ভবিষ্যতে কেউ যাতে না দেয়, সে জন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে সব ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে সংবিধান সংশোধন করা হয়েছে। কেউ কেউ বলছেন, সংবিধানে আল্লাহর নাম দেখতে পাচ্ছেন না। যদি বিসমিল্লাহির রহমানির রহিম-এর মধ্যে তাঁরা আল্লাহর নাম খুঁজে না পান, তাহলে তাঁদের চোখ থাকতেও অন্ধ বলা ছাড়া আর কী উপায় আছে।অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং বিএফইউজের অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ ও কোষাধ্যক্ষ আতাউর রহমান উপস্থিত ছিলেন।