অষ্টম ওয়েজ বোর্ড দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ ও ধর্মঘট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আজ মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী ধর্মঘট পালন করবে। দাবি আদায়ে আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সব সংবাদপত্র ও সংবাদ সংস্থায় ছয় ঘণ্টার প্রতীকী ধর্মঘট এবং জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।গতকাল সোমবার সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন ও সংবাদপত্র কর্মচারী ফাউন্ডেশনের সব ইউনিট ও ইউনিয়নের নেতারা এই সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। গত ২৮ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশ হয়। ওই সমাবেশ থেকে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার জন্য সরকারকে ২ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয় সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। আজকের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের কার্যনির্বাহী কমিটির সভায় নেতারা বলেন, সাড়ে তিন বছর পর ওয়েজ বোর্ড দাবি করা হচ্ছে বলে একটি মহল সরকার ও মালিকপক্ষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। এর ফলে সংবাদপত্র শিল্পে হতাশা ও অস্থিরতা দেখা দিয়েছে। সভায় বলা হয়, সর্বশেষ ২০০৫ সালের মে মাসে ষষ্ঠ ওয়েজ বোর্ড গঠন করা হয়। এরপর বিগত তত্ত্বাবধায়ক সরকার কিছু অগ্রহণযোগ্য সুপারিশসহ ষষ্ঠ ওয়েজ বোর্ড ঘোষণা করে। সাংবাদিক সমাজ এটি গ্রহণ না করায় তা বাতিল করা হয় এবং তা সংশোধনের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন ওয়েজ বোর্ড (সপ্তম ওয়েজ বোর্ড নামে পরিচিতি) গঠন করে রোয়েদাদ ঘোষণা করা হয়। অর্থাৎ সাংবাদিক-কর্মচারীরা ষষ্ঠ ওয়েজ বোর্ডের কোনো সুবিধা ভোগ করেননি। তাঁরা ২০০৫ সালের ওয়েজ বোর্ডের ধারাবাহিকতায় সপ্তম ওয়েজ বোর্ড রোয়েদাদ পেয়ে আসছেন।ডিইউজের (একাংশের) সভাপতি ওমর ফারুক সভায় সভাপতিত্ব করেন।