তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রেও আলাদা ওয়েজ বোর্ড গঠনের চিন্তাভাবনা করা হচ্ছে।ঢাকা থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথে গত শুক্রবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাসানুল হক ইনু এসব কথা বলেন।হাসানুল হক ইনু বলেন, গত ১৫ বছরে দেশে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে, তাঁদের খুনিদের বিচার করা হবে। এ ছাড়া সাংবাদিক নির্যাতনকারীদেরও আইনের আওতায় আনা হবে। সাগর-রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের যে রক্তক্ষরণ হয়েছে, তা আমার বুকের রক্তক্ষরণ। শিগগিরই ওই দম্পতির খুনিদের গ্রেপ্তার করে দেশবাসীর সামনে হাজির করা হবে।’এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান উপস্থিত ছিলেন।মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাইফুদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জেলা পর্যায়ের সাংবাদিকদের প্রেসক্লাবের জন্য খাসজমি বরাদ্দ দেওয়া হবে। জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকেরা যেন ওয়েজ বোর্ডের সুবিধা পান, সেই পরিকল্পনাও আছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের এই সংক্ষিপ্ত সভায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকেরা তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।