অষ্টম ওয়েজ বোর্ড প্রণয়নে কমিটি গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী
সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড প্রণয়নে তথ্যসচিবের নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারের কার্যক্রম সঠিক পথে পরিচালনার স্বার্থে গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে হলুদ সাংবাদিকতা বন্ধ করুন। কারণ, যখন একটি মিথ্যা সংবাদ বারবার পরিবেশন করা হয়, তখন জনগণ সেটাকে সত্য ভাবতে শুরু করে।’প্রধানমন্ত্রী বলেন, বৃহত্তর স্বার্থে গণমাধ্যম সমালোচনা করতে পারে।প্রধানমন্ত্রী কারও নামোল্লেখ না করে বলেন, ঋতু পরিবর্তনের মতো সমাজের মানুষের মনের পরিবর্তন ঘটছে। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনকে বুড়িগঙ্গা নদীর সঙ্গে তুলনা করে বলেন, ৩৫ বছর আগে বুড়িগঙ্গার পানি ছিল পরিষ্কার, কিন্তু এখন তা দূষিত হয়ে গেছে।সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড প্রণয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে তথ্যসচিবের নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সাংবাদিকদের কল্যাণে তাঁর সরকার এক কোটি টাকা ব্যয়ে তথ্যমন্ত্রীর অধীনে একটি কল্যাণ তহবিল গঠন করেছে।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সাংবাদিক এবিএম মূসা, জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম অন্যান্যের মধ্যে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।শেখ হাসিনা-চন্দ্রিকা বৈঠক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা সফরকারী শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা এই অঞ্চলের দারিদ্র্য নিরসনের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে চন্দ্রিকা কুমারাতুঙ্গা শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে যান। এ সময় অনুষ্ঠিত বৈঠকে তাঁরা দুজন এই অভিমত ব্যক্ত করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে দুই নেত্রীই সন্ত্রাসবাদকে এই অঞ্চলের উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেন এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র ও সংসদীয় পদ্ধতি শক্তিশালী করতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বৈঠকে তুলে ধরেন। তিনি উৎপাদন বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তাজাল বিস্তারের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন।বৈঠকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ছাড়াও অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।