অষ্টম ওয়েজ বোর্ডের দাবিতে ২২ এপ্রিল সাংবাদিকদের অনশন
অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে ২২ এপ্রিল সারা দেশের প্রেসক্লাবগুলোতে অনশন করবেন সাংবাদিক-কর্মচারীরা। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের অবস্থান ধর্মঘট থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। একই সময়ে সাংবাদিকেরা কলম বিরতি পালন করেন। এর আগে গত ২৮ মার্চের সমাবেশ থেকে ২ এপ্রিলের মধ্যে অষ্টম ওয়েজ বোর্ড গঠনের সময় বেঁধে দিয়েছিল সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। এ দাবি না মানায় গতকাল অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করা হয়।ঐক্য পরিষদের নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তথ্যমন্ত্রীর কারণেই অষ্টম ওয়েজ বোর্ড গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরও তথ্যমন্ত্রী বোর্ড গঠন করছেন না। এই অভিযোগে জাতীয় প্রেসক্লাব থেকে তথ্যমন্ত্রীর সহযোগী সদস্যপদ বাতিল এবং সাংবাদিকদের সব অনুষ্ঠান থেকে তাঁকে অবাঞ্ছিত করার কথা জানান ইকবাল সোবহান চৌধুরী।যোগাযোগ করা হলে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, প্রেসক্লাব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। তথ্যমন্ত্রীর সদস্যপদ বাতিলের দাবি উঠলে ব্যবস্থাপনা কমিটি এ বিষয়ে করণীয় ঠিক করবে। কর্মসূচিতে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, দাবি আদায়ের মধ্য দিয়েই আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে। ওয়েজ বোর্ড ঘোষণা দিতেই হবে। সমাবেশ চলাকালে পল্টন থেকে হাইকোর্ট পর্যন্ত প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ ছিল। ফলে শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, পল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ৮ এপ্রিল বেলা ১১টায় সাংবাদিকেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান করবেন।