অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি শুরু হচ্ছে আজ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। জাম্বুরি উপলক্ষে গতকাল বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এবারের জাম্বুরির প্রতিপাদ্য ‘দিন বদলে স্কাউটিং’।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেলোয়ার হোসেন, জাতীয় উপকমিশনার তৌফিক আলী, অগ্রদূত পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হাবীবউল্লাহ প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত জাম্বুরি চলবে। দেশ-বিদেশের প্রায় ১৫ হাজার স্কাউট ও স্কাউটার এতে অংশ নেবে। এর মধ্যে ভারত, নেপাল ও ভুটানের স্কাউট ২০০ জন। পাঁচটি ভিলেজে ও ১৫টি সাব-ক্যাম্পে বিভক্ত হয়ে স্কাউটরা বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।