অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দিনবদলে স্কাউটিং’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৪ জানুয়ারি থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে শুরু হতে যাচ্ছে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি। সপ্তাহব্যাপী শিশু-কিশোরদের এই মিলনমেলা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ স্কাউটস।সরজমিনে দেখা গেছে, শালবনবেষ্টিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পাঁচ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তাঁবু টানানোর কাজ প্রায় শেষ। স্কাউটদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে শালবন এলাকায় বিদ্যুত্ সংযোগ, অস্থায়ী শৌচাগার নির্মাণ ও ছোটখাট বাজার গড়ে তোলা হয়েছে। এ ছাড়া চিকিত্সাকেন্দ্র, নামাজের স্থান, যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা ও মূল মাঠ প্রস্তুতসহ সব ধরনের কাজই দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ স্কাউটসের নির্বাহী সচিব নজরুল ইসলাম জানান, জাম্বুরিতে অংশ নেওয়ার জন্য জেলা, উপজেলা ও অঞ্চলের নির্বাচিত ইউনিটগুলোর নিবন্ধন ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। জাম্বুরির কার্যক্রম ঠিকভাবে পরিচালনার স্বার্থে স্কাউটদের জন্য পাঁচটি ভিলেজ ও ১৫টি সাব-ক্যাম্প করা হয়েছে। এ ছাড়া জাম্বুরিতে অংশ গ্রহণকারী শিশু-কিশোরদের জন্য থাকবে হাইকিং, রশি দিয়ে ওপরে ওঠা, সাঁতারসহ মজার মাজার ১৪টি চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জে অংশ নিয়ে যারা সাফল্য পাবে তাদের জন্য থাকবে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। শিশু-কিশোরদের নিরাপত্তার জন্য পুরো ক্যাম্পের চারদিকে কাঁটাতারের সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এ ছাড়া অতিথিদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীরা থাকবেন শেষ দিন পর্যন্ত।বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, জাম্বুরিতে দেশের ১৫ হাজার স্কাউট ছাড়াও ভারত, ভুটান, পাকিস্তান, নেপাল, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালদ্বীপ, জাপানসহ অন্যান্য দেশের দুই শতাধিক স্কাউট অংশ নেবে। ১৪ জানুয়ারি জাতীয় স্কাউটস জাম্বুরি শুরু হলেও ১৬ জানুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২২ জানুয়ারি রাষ্ট্রপতি জিল্লুর রহমান সমাপনি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, জাম্বুরিতে নিরাপত্তার জন্য অতিরিক্ত টহল পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হবে।