অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর জমি অধিগ্রহণের কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কচা নদীর ওপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন সদর উপজেলার কুমিরমারা ও কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকায় জমি অধিগ্রহণের জন্য পরিদর্শন করেন।
সড়ক ও জনপথ বিভাগের পিরোজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের নভেম্বরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৭ থেকে ২০১৯ সাল মেয়াদে সেতুটি নির্মাণ করা হবে। ৯৯৮ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৩০ কোটি টাকা। এর মধ্যে ৬৫৫ কোটি টাকা চীন সরকার দেবে। সেতুটি নির্মিত হলে বরিশাল বিভাগের সঙ্গে খুলনা বিভাগের সরাসরি সড়ক যোগাযোগ হবে।