অষ্টম বেতন বোর্ড ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেছেন, অষ্টম বেতন বোর্ড গঠন করতে তথ্যমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ১০ মার্চের মধ্যে বেতন বোর্ডের গেজেট বিজ্ঞপ্তি ঘোষণার দাবি জানান তাঁরা। অন্যথায় তথ্যমন্ত্রীর পদত্যাগসহ বোর্ড গঠনের দাবিতে কর্মসূচি নেওয়ার ঘোষণা দেবেন।গতকাল শনিবার ঐক্য পরিষদের এক বিবৃতিতে তথ্যমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। এই পরিষদে সাংবাদিকদের সব ইউনিয়ন ও সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। গতকাল কমিটির কো-কনভেনর ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় যুক্ত বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়। সাংবাদিক নেতারা বলেন, বেতন বোর্ড গঠনে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তথ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বেতন বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। সাংবাদিক নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে বেতন বোর্ডের চেয়ারম্যানের নিয়োগ চূড়ান্ত করেছেন। সাংবাদিক-প্রেস শ্রমিক এবং সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের তালিকা তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু তথ্যমন্ত্রীর কারণে বোর্ড গঠনের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।ঐক্য পরিষদের নেতাদের মধ্যে বিবৃতিতে সই করেন রুহুল আমিন গাজী, মো. আলমগীর হোসেন খান, মো. মতিউর রহমান তালুকদার, আবদুল জলিল ভূঁইয়া, শওকত মাহমুদ, মো. খায়রুল ইসলাম, মো. কামাল উদ্দিন, ওমর ফারুক, আবদুস শহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।