অষ্টম বেতন স্কেলে অন্তর্ভুক্ত না করলে ঈদের পর কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে শিক্ষকদের বিভিন্ন সংগঠন। অন্যথায় ঈদের পর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন শিক্ষক নেতারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, দেশে এ পর্যন্ত যতবার নতুন বেতন স্কেল ঘোষিত হয়েছে, ততবারই শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির কোনো সুস্পষ্ট ঘোষণা নেই।
অনতিবিলম্বে এই ঘোষণা না এলে ঈদের পর বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা বলেন তাঁরা।
গত বৃহস্পতিবার আয়োজিত ওই মানববন্ধনে বাকশিসের সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন, বিপিসির সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি: বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আগের মতো শিক্ষক-কর্মচারীদের একসঙ্গে বেতন স্কেল কার্যকর করতে হবে।
এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন তাঁরা। অন্যথায় ঈদের পর অবিরাম ধর্মঘটে যাওয়ার হুমকি দেয় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আগের মতো আয়কর প্রত্যাহার করতে হবে।
ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও জুলাই মাসের বেতন ছাড় করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।