অষ্টম বেতনকাঠামোয় বেতনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতনকাঠামো অনুযায়ী দ্রুত বেতন প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর :
রংপুর: বাকবিশিসের জেলা শাখার উদ্যোগে বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি নগরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাচারিবাজার মোড়ে সমাবেশে মিলিত হয়। বাকবিশিসের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রওশানুল কাওছারের পরিচালনায় সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিঞা সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন বাকবিশিসের জেলা কমিটির সহসভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও অধ্যক্ষ রেজাউল ইসলাম, অধ্যাপক ময়েন উদ্দিন শাহ প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্তের পরও বেসরকারি শিক্ষকদের এ স্কেলে বেতন দেওয়া হচ্ছে না। দেশের ৯৭ শতাংশ শিক্ষার্থীকে যাঁরা শিক্ষা দেন, তাঁদের নতুন স্কেলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। মার্চ থেকে অষ্টম পে-স্কেলে বকেয়াসহ বেতন প্রদান করা না হলে লাগাতার ধর্মঘট পালন করা হবে।
সুনামগঞ্জ: বাকবিশিসের সুনামগঞ্জের শাল্লা উপজেলা শাখার উদ্যোগে দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক তরুণ কান্তি দাস, শিক্ষক রূপচান দাস, সজল চন্দ্র সরকার, নিহার রঞ্জন চৌধুরী, অরুণ কান্তি চৌধুরী, মহিপাল দাস প্রমুখ।
গাইবান্ধা: জেলা শহরের শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। পরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। বাকবিশিস ও বাংলাদেশ শিক্ষক সমিতির (মাধ্যমিক) জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বাকবিশিসের জেলা সভাপতি নেয়ামুল আহসান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির (মাধ্যমিক) জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, বাকবিশিসের জেলা শাখার সহসভাপতি শফিউল ইসলাম ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর প্রমুখ।
বক্তারা বলেন, দাবি আদায় না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব এবং ৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা বর্জন করা হবে।
সখীপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ ক্লাস বর্জন করে। এতে কলেজটির ১১ বিষয়ে স্নাতক (সম্মান) কোর্সের ৫০ জন শিক্ষক অংশ নেন। বেলা ১১টার দিকে কলেজ চত্বরে আয়োজিত সমাবেশে পরিষদের সভাপতি আবদুর রউফ সভাপতিত্ব করেন। সেখানে আলোচনায় অংশ নেন জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জয়নব আক্তার, রমজান আলী, আসাদুজ্জামান, মো. ইকবাল ও মুহম্মদ রফিকুল ইসলাম। তাঁরা অনার্স ও মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান।