অষ্টম মজুরি বোর্ডে ৭০ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ
সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মীদের জন্য রোয়েদাদ (মজুরিকাঠামো) নির্ধারণ করে গতকাল রোববার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে অষ্টম মজুরি বোর্ডের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে বিদ্যমান সপ্তম মজুরি বোর্ডের মূল বেতনের ৭০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।সকাল নয়টায় মজুরি বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক সচিবালয়ে গিয়ে তথ্যমন্ত্রীর কাছে এই প্রতিবেদন জমা দেন। আজ সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন তথ্যমন্ত্রী। এই সুপারিশ গ্রহণ করে কার্যকর করা হলে বর্তমানে সংবাদকর্মীরা যে মূল বেতন পান, সেটার ৭০ শতাংশ বাড়বে। একই সঙ্গে অন্যান্য ভাতা ও সুবিধাও সমহারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি জানিয়ে বলা হয়, মূল বেতন বৃদ্ধির প্রস্তাব ছাড়াও সংবাদপত্রের প্রচারসংখ্যা ও আয়ের ভিত্তিতে সংবাদপত্রগুলোকে পাঁচটি শ্রেণীতে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগে এ ধরনের তিনটি শ্রেণী ছিল।জানতে চাইলে তথ্যসচিব মরতুজা আহমদ প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখনো প্রতিবেদন ভালো করে দেখা হয়নি। এটি দেখে তথ্যমন্ত্রী সোমবার (আজ) বিস্তারিত জানাবেন।’গত বছরের জুন মাসে সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মীদের জন্য অষ্টম মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। প্রথমে ছয় মাসের মধ্যে বোর্ডকে প্রতিবেদন দিতে বলা হয়। পরে সময় বাড়িয়ে সেটা গতকাল পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়।