অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করল প্রশাসন
অষ্টম শ্রেণির ছাত্রী ফাতেমা বেগমের বিয়ে হওয়ার কথা ছিল গতকাল শুক্রবার দুপুরে। সব আয়োজন চূড়ান্ত। কিন্তু বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকে সকালে খবর পেয়ে দুপুরে এসে ওই শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন।
বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের শিক্ষক রুস্তম শেখ বলেন, তাঁর স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী (১৩) উত্তর চাঁদপাই গ্রামের বাসিন্দা ফাতেমার বাবা-মা গোপনে তার বিয়ে ঠিক করে ফেলেছিলেন। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী ও দশম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে এসে এ কথা জানানোর পর শুক্রবার সকালে বিষয়টি প্রথম আলোর মোংলা প্রতিনিধি ও এনটিভির মোংলা প্রতিনিধি আবু হোসাইনকে জানাই। তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ইউএনওর নির্দেশে মোংলা থানা-পুলিশের একটি দল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া শুক্রবার দুপুরে কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন এবং বিয়ের জন্য তৈরি প্যান্ডেল ভেঙে দেন।
মো. রাসেল মিয়া বলেন, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য সবার উপস্থিতিতে মেয়েটির বাবা স্বীকার করেন তাঁরা ভুল করেছেন। তাঁরা লিখিত অঙ্গীকারনামায় স্বীকার করেন, ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেওয়ার কথা চিন্তা করবেন না।
ফাতেমার মা-বাবা বলেন, তাঁরা আশা করেন তাঁদের মতো অন্য কোনো অভিভাবক আর এ ভুল করবেন না।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘উপজেলায় বাল্যবিবাহ বন্ধের জন্য আমরা তৎপর আছি। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব জনপ্রতিনিধি ও শিক্ষকদের এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য বলেছি। আর বাল্যবিবাহ হওয়ার কোনো সংবাদ আমরা পেলেই তা প্রতিরোধে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’