অষ্টম শ্রেণির স্বীকৃতি নেই, দশমের অনুমোদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণির আগেই দশম শ্রেণির অনুমোদন পেয়েছে রাজশাহীর একটি শিক্ষাপ্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী, অষ্টম শ্রেণির প্রাথমিক পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি না থাকলে কোনো বিদ্যালয় দশম শ্রেণির অনুমোদনের জন্য আবেদন করতে পারবে না।

প্রতিষ্ঠানটির নাম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল। এর কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, ২০০৩ সাল থেকে পরিচালিত বিদ্যালয়টি এখন ভাড়া করা ভবনে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির দশম শ্রেণির একাডেমিক স্বীকৃতির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর বোর্ডের তৎকালীন বিদ্যালয় পরিদর্শক সুনীল চন্দ্র দাস তাঁর পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করেন, শিমুল মেমোরিয়াল অষ্টম শ্রেণির প্রাথমিক পাঠদান ও একাডেমিক স্বীকৃতি পায়নি। বিধান অনুযায়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ার পর মাধ্যমিক পর্যায়ের পাঠদানের জন্য আবেদন করা যাবে। তাঁর পাঠানো এই প্রতিবেদন পাওয়ার পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় দশম শ্রেণির পাঠদানের অনুমোদন দেওয়া হয়। ওই বছরের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কাওসার নাসরিন এ অনুমোদনপত্রে সই করেন।

শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, এই প্রতিষ্ঠানের দশম শ্রেণির পাঠদানের অনুমোদনটি উল্টো হয়েছে। নিম্নমাধ্যমিকের অনুমোদন না থাকলে মাধ্যমিক পর্যায়ের অনুমোদন চাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরও যেভাবেই হোক দশম শ্রেণির অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের নামে এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু জেএসসি পরীক্ষায় কেউ অংশ নিতে পারবে না।

জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায় প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিদর্শন করে প্রতিষ্ঠানের নিজস্ব জমি, ভবনসহ অন্যান্য শর্ত পূরণ হলে পাঠদানের অনুমোদন দেওয়া হয়। আর তিন বছর সন্তোষজনক পাঠদান করলে একাডেমিক স্বীকৃতি দেওয়া হয়। এরপর প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ের স্বীকৃতির জন্য আবেদন করতে পারে। শর্ত অনুযায়ী, মহানগর এলাকার ভেতরে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০ শতাংশ জমি থাকতে হয়। প্রতিষ্ঠানের নামে জমির খাজনা ও খারিজ থাকতে হয়। শিমুল মেমোরিয়ালের কিছুই নেই। গতবার একাডেমিক স্বীকৃতি নেওয়ার শর্তে বিশেষ বিবেচনায় তাদের জেএসসি পরীক্ষার অনুমতি দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এবার স্বীকৃতি না পেলে তাদের আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। ইতিমধ্যে তারা নাকি জমি কিনেছে। তবে জমি কিনলেও নিয়মমাফিক তাদের অষ্টম শ্রেণির পাঠদানের জন্য আবেদন করতে হবে।

যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির উপশহর শাখার ইনচার্জ বিরাজ আহাম্মেদ বলেন, একই পরিদর্শন প্রতিবেদনের মাধ্যমে তাঁদের প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু নিম্নমাধ্যমিকে দেওয়া হয়নি। তাঁদের প্রতিবেদন সন্তোষজনক ছিল বলে তাঁরা জেনেছেন। নতুন শর্ত অনুযায়ী তাঁরা ইতিমধ্যেই জমি কিনেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা জাহান প্রথম আলোকে বলেন, এটা হতেই পারে না। অষ্টম শ্রেণির একাডেমিক স্বীকৃতি না থাকলে নবম-দশম শ্রেণির অনুমোদন দেওয়ার প্রশ্নই ওঠে না। আর বোর্ড যদি তাদের প্রতিবেদনে ‘না’ বলে, মন্ত্রণালয় কখনোই অনুমোদন করে না। পরে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁদের কাছে যেটা আছে তাতে দেখা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠানের সঙ্গে শিমুল মেমোরিয়ালের ব্যাপারে শিক্ষা বোর্ডকে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরাসরি অনুমোদন দেওয়া হয়নি।