অষ্টম শ্রেণির ৫৯ হাজার শিক্ষার্থী এখনো ছয়টি পাঠ্যবই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবর্ষের দুই মাস পার হতে চললেও নোয়াখালী জেলার ৩১৪টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এখনো বাংলা, ইংরেজি, গণিতসহ ছয়টি পাঠ্যবই পায়নি। জেলায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রায় ৫৯ হাজার।
পাঠ্যবইয়ের দাবিতে নোয়াখালী জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রোববার শহরে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা।
এখনো পাঠ্যবই হাতে না পাওয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ায় সমস্যা হচ্ছে বলে জানান অভিভাবকেরা। দুই মাসেও ছেলেমেয়েদের হাতে সব বই তুলে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। শহরের হরিনারায়ণপুর এলাকার অভিভাবক মো. ইলিয়াছ প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। সব বই না পাওয়ায় মেয়ে ঠিকমতো পড়ালেখা করতে পারছে না।
সেনবাগ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন এবং বাতাকান্দি আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম বলেন, নতুন পাঠ্যবই না পাওয়ায় তাঁরা নিজেরা পুরোনো বই সংগ্রহ করে আপাতত পাঠদান চালু রেখেছেন, যাতে শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে।
এ বিষয়ে নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা আজিজুল হক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বই না দিলে তাঁদের কী করার আছে। প্রতিটি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এনসিটিবিকে বইয়ের চাহিদা দেওয়া হয়েছে। কিন্তু তারা অন্য শ্রেণির পাঠ্যবই পাঠালেও অষ্টম শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে ছয়টিই পাঠায়নি। কবে বই পাওয়া যাবে, সে-সংক্রান্ত তথ্যও তাঁর কাছে নেই।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার ১২টি সরকারি, ৪৪টি নিম্ন মাধ্যমিক, ২৩৮টি মাধ্যমিক ও ২০টি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, ধর্ম, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই পায়নি।
নোয়াখালী জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলে, ছয়টি বিষয়ের শিক্ষকেরাও শ্রেণিকক্ষে এলেও কারও কাছেই বই না থাকায় পড়াতে পারছেন না। দুই মাস ধরে এসব বিষয়ে ঠিকমতো ক্লাস না হওয়ার কারণে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় তাদের সমস্যা হবে।
এ বিষয়ে নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বই না পাওয়া শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটছে।