অষ্টমবারের মতো পেছাল অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগ গঠন অষ্টমবারের মতো পেছাল। আজ মঙ্গলবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির অভিযোগ গঠনের তারিখ ছিল।

মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার জন্য আজ আদালতে হাজির করা হয়নি। এ ছাড়া মামলার আরও কয়েকজন আসামিকে এদিন হাজির না করায় অভিযোগ গঠন করা হয়নি।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) ও সরকার পক্ষের আইনজীবী কিশোর কুমার কর প্রথম আলোকে বলেন, সব আসামি আদালতে উপস্থিত না থাকায় অভিযোগ গঠন করা হয়নি। তবে পরবর্তী তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আদালত।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে এই মামলায় অভিযোগ গঠনের তারিখ ছিল—১৮ আগস্ট, ১০ আগস্ট, ৩ আগস্ট, ২৩ জুলাই, ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন। ওই ঘটনায় বাদী হয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত করে গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে একটি সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করে। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ নয়জনকে নতুন করে অভিযুক্ত করা হয়। গত বছরের ২৮ ও ২৯ ডিসেম্বর দুই মেয়র আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে আদালত দুজনকেই কারাগারে পাঠান। পরে এ বছরের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে এ দুই মেয়রকে সাময়িক বরখাস্ত করে।