গণস্বাস্থ্য কেন্দ্র গত ৪০ বছরে দেশের জনস্বাস্থ্যের উন্নতিতে মৌলিক কিছু অবদান রেখেছে। আগামী ৪০ বছরে বেসরকারি এই প্রতিষ্ঠানটি অন্য কাজের পাশাপাশি অসংক্রামক ব্যাধি নিয়ে কাজ করবে।রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা এ কথা বলেন। দেশের স্বাধীনতার ও গণস্বাস্থ্য কেন্দ্রের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের সমন্বয়কারী আলতাফুন্নেসা মায়া বলেন, তাঁরা গ্রামীণ ও নাগরিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, সামাজিক বনায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদন, জীবন রক্ষাকারী ওষুধের কাঁচামাল উৎপাদন, ভেষজ গবেষণা, গ্রামীণ নারীদের অপ্রচলিত বৃত্তিমূলক প্রশিক্ষণ—এসব প্রকল্প পরিচালনা করছেন।সংবাদ সম্মেলনে বলা হয়, একাত্তরে রণাঙ্গনে মানুষকে সেবা দিয়েছিল ‘বাংলাদেশ ফিল্ড হসপিটাল।’ সেই হাসপাতাল ১৯৭২ সালের এপ্রিলে ‘বাংলাদেশ হাসপাতাল’ নামে সাভারের পাথারিয়া ইউনিয়নে যাত্রা শুরু করে। পরবর্তীকালে ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ নামটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেছে নেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের চিকিৎসকেরা রোগীদের সঙ্গে অন্তর দিয়ে কথা বলেন না। রোগীকে বুঝিয়ে বলার জন্য ১০ মিনিট সময় ব্যয় করতে চান না।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটি ৪০ বছর পূর্তি উপলক্ষে ১৮-২০ মার্চ সাভারে গণস্বাস্থ্য চত্বরে ‘উন্নয়ন কর্মীদের মিলনমেলা’র আয়োজন করেছে। অনুষ্ঠানে ৪০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হবে। এতে শতাধিক বিদেশি অংশ নেবেন। ৪২টি বেসরকারি সংস্থা এই উদ্যোগে সহায়তা করছে।