অসংক্রামক রোগের ঝুঁকির কথা জানে না শহুরে দরিদ্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণা বলছে, দেশের শহুরে দরিদ্র জনগোষ্ঠীর ৭০ থেকে ৯০ শতাংশ জানে না, তারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদ্‌রোগের মতো অসংক্রামক রোগের ঝুঁকিতে আছে।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে এক গবেষণায় এ কথা বলা হয়। জাপানের নাগয়া বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং এনভায়রনমেন্ট ও পপুলেশন রিসার্চ সেন্টার যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে।

এ দেশে শহুরে দরিদ্রদের মধ্যে অসংক্রামক রোগ এবং সামাজিক ঝুঁকির বিষয়গুলোর প্রকোপ বুঝতে ২০১৪ থেকে ২০১৬ সালে রাজধানীর মিরপুরের বাউনিয়া বাঁধে দরিদ্র জনগোষ্ঠীর ৮ হাজার ৬০৪টি পরিবারের ওপর এই জরিপ করা হয়েছিল।

গবেষণা বলছে, শহুরে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অসংক্রামক রোগের ঝুঁকি বেশি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তামাকের ব্যবহার, অতিরিক্ত ওজন এবং কম ওজনের প্রভাব তাদের মধ্যে লক্ষণীয়, যা তাদের জন্য বাড়তি বোঝা।

৩৪ হাজার ১৭০ জনের ওপর করা এই গবেষণায় নারীর সংখ্যা ছিল ১৭ হাজার ১২৯। গবেষণাটি বলছে, তাদের মধ্যে ৭০ থেকে ৯০ শতাংশ জানে না তাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্‌রোগ বা স্ট্রোক আছে কি না। অথচ তাদের মধ্যে ১৮ দশমিক ৬ শতাংশ পুরুষের ও ২০ দশমিক ৬ শতাংশ নারীর উচ্চ রক্তচাপ এবং ১৫ দশমিক ৩ শতাংশ পুরুষের ও ২২ দশমিক ২ শতাংশ নারীর ডায়াবেটিস আছে।