বিশিষ্ট চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদেরা বলেছেন, দেশে অসংক্রামক রোগের প্রকোপ এবং এসব রোগে মৃত্যু অনেক বেশি। দীর্ঘস্থায়ী এসব রোগের চিকিৎসা ব্যয় অনেক। অসংক্রামক রোগ মোকাবিলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধে বেশি জোর দেওয়া দরকার। দরকার জনসচেতনতা সৃষ্টি। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বিশিষ্ট চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদেরা এসব কথা বলেন। ‘অসংক্রামক ব্যাধি: পরিস্থিতি, প্রতিকার ও করণীয়’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করে প্রথম আলো। এতে সহযোগিতা করে পেশাজীবী চিকিৎসকদের সংগঠনগুলোর মোর্চা বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (বিএনএনসিপি) ও মুঠোফোন কোম্পানি টেলিনরের উদ্যোগ টেলিনর হেলথ। গোলটেবিল বৈঠকে স্নায়ুতন্ত্রের রোগ, ক্যানসার, হৃদ্রোগ, শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী রোগ, কিডনি রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ—এসব অসংক্রামক রোগের প্রকোপ নিয়ে আলোচনার পাশাপাশি করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে (এমডিজি) অসংক্রামক রোগ প্রতিরোধ বা নিয়ন্ত্রণের কোনো লক্ষ্যমাত্রা ছিল না। এটা ছিল ভুল। ২০১৬ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগের প্রকোপ এক-তৃতীয়াংশ কমাতে হবে। তিনি বলেন, রোগ প্রতিরোধের ওপর জোর দিতে হবে। রোগ কম হলে কম মানুষের চিকিৎসার প্রয়োজন হবে।
জাতীয় অধ্যাপক ও বিএনএনসিপির সভাপতি আবদুল মালিক বলেন, অসংক্রামক ব্যাধি মূলত মানুষেরই তৈরি। জাতীয় অগ্রগতি ধরে রাখতে হলে অসংক্রামক ব্যাধি দূরে রাখতে হবে। এ জন্য মানুষকে সচেতন করতে হবে। সরকার একা এটা পারবে না। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনার শুরুতে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি ও বিএনএনসিপির মহাসচিব এ কে এম মহিবুল্লাহ বলেন, বর্তমান বিশ্বে তিনটি মৃত্যুর দুটি হচ্ছে অসংক্রামক ব্যাধিতে। অসংক্রামক ব্যাধিতে যে মৃত্যু, তার অর্ধেক হচ্ছে অকালমৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালের তথ্য উদ্ধৃত করে এই হৃদ্রোগ বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশে ৫৯ শতাংশ মৃত্যু হয় অসংক্রামক রোগে। আগে সংক্রামক রোগের প্রকোপ ছিল বেশি।
টেলিনরের মেডিকেল ডিরেক্টর ফ্রেড হার্শ এ বছরের মার্চ-এপ্রিলে নিজেদের করা জরিপের তথ্য উদ্ধৃত করে বলেন, ৫০ শতাংশ বাংলাদেশি স্বাস্থ্যসম্মত খাবার খেতে চায়। কিন্তু তাদের ৮৪ শতাংশ জানে না দৈনিক কত কিলোক্যালরি খাদ্যের প্রয়োজন। ওই জরিপে দেখা গেছে, ধূমপায়ীদের ৭৩ শতাংশ ধূমপান ছাড়তে চায়। এটা বড় সুযোগ যে বিরাটসংখ্যক মানুষ ধূমপান ছাড়তে চায়। এই সুযোগ যথার্থভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া দরকার। ওই জরিপে সাত বিভাগের ১ হাজার ১০০ জনের মতামত নিয়েছিল টেলিনর।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একজন মারা যাচ্ছে অসংক্রামক ব্যাধিতে। উত্তর আমেরিকায় যে হারে অসংক্রামক ব্যাধি বাড়ছে, তার চেয়ে বাংলাদেশে বাড়ছে বেশি। অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন এবং এ ক্ষেত্রে অর্থায়ন করার কথা সরকারের। তিনি বলেন, গাঁজা চাষ নিষিদ্ধ। তাহলে তামাক চাষ বন্ধ করা হবে না কেন?
সরকারের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার কর্মসূচির প্রধান সমন্বয়কারী মাখদুমা নার্গিস বলেন, সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্য বা অসংক্রামক ব্যাধি মোকাবিলার জন্য স্বাস্থ্য, শিক্ষা, গণপূর্ত, খাদ্য, কৃষিসহ অন্যান্য মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, মাঠপর্যায়ে কর্মী থাকাই যথেষ্ট নয়। তাঁরা বাস্তবে কাজ পারেন কি না, কাজ করছেন কি না, তা দেখা গুরুত্বপূর্ণ।
এন্ডোক্রাইনো সোসাইটি অব বাংলাদেশের অনারারি সভাপতি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ হাজেরা মাহতাব বলেন, শুধু ডায়াবেটিস নয়, হৃদ্রোগ, ক্যানসার ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ সম্ভব। মায়ের ডায়াবেটিস থাকলে শিশুরও ডায়াবেটিস দেখা দিতে পারে। গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করে শিশুর ডায়াবেটিস অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, স্কুলশিক্ষার্থীরা ফাস্টফুড বেশি খায়। এই চর্চা ঠিক নয়।
কিডনি ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি হারুন-উর-রশীদ বলেন, কিডনি ৭৫ শতাংশ নষ্ট হলে কিডনি ফেইলিওর হয়। বছরে ৩৫ থেকে ৪০ হাজার মানুষের এটা ঘটে। তাদের ১৫ শতাংশ চিকিৎসা পায়, বাকি ৮৫ শতাংশ বিনা চিকিৎসায় মারা যায়। তিনি বলেন, কিডনি চিকিৎসার ব্যয় সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির মহাসচিব আব্দুল্লাহ আল শাফী মজুমদার বলেন, ইউরোপ বা আমেরিকার তুলনায় এ দেশে হৃদ্রোগের ধরন আলাদা। এ দেশে ৩০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে হৃদ্রোগের প্রকোপ বাড়ছে। শিশুদের হৃদ্রোগের সূত্রপাত ১০-১৫ বছর বয়স থেকেই শুরু হতে পারে। তিনি অসংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাঁটা ও সাঁতারের ওপর জোর দেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান সোহেল রেজা চৌধুরী বলেন, দেশে চার কোটি মানুষ কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করে। ৪৫ শতাংশ পুরুষ ধূমপায়ী। অসংক্রামক রোগের জন্য সবচেয়ে বড় কারণ তামাক। তামাক যে হৃদ্রোগ বা ক্যানসারের ঝুঁকি তৈরি করে, তা ১৯৬৪ সালেই জানা যায়। এত দিনেও তামাককে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। এ নিয়ে আইন থাকলেও আইনের যথার্থ প্রয়োগ নেই। তিনি বলেন, ই-সিগারেটের পক্ষে কথা বলছে সিগারেট কোম্পানিগুলো। ধনাঢ্য পরিবারের সন্তানেরা ই-সিগারেটের দিকে ঝুঁকছে। বাস্তবে ই-সিগারেটের হাত ধরেই তারা ধূমপায়ী হচ্ছে।
বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি মোল্লা ওবায়দুল্লাহ বাকী বলেন, ফুসফুস, মুখসহ নানা ক্যানসারের মূলে রয়েছে ধূমপান। জর্দা মুখের ক্যানসারে ভূমিকা রাখছে। ধূমপান, জর্দা দূরে রাখলে, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে ৪০ থেকে ৫০ ভাগ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। ক্যানসার চিকিৎসায় দেশে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের অভাব আছে। দেশে প্রায় ১০ লাখ ক্যানসারের রোগী আছে। নতুন করে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ এতে আক্রান্ত হচ্ছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব খন্দকার আবদুল আউয়াল রিজভী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির বাধা হয়ে দাঁড়াবে অসংক্রামক রোগের বোঝা। বছরে বিশ্বে ৩ কোটি ৮০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে অসংক্রামক ব্যাধিতে। এর ৮০ শতাংশ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে। তিনি বলেন, ‘আমরা এতকাল সংক্রামক ব্যাধি নিয়ে ব্যস্ত ছিলাম। দেশে অপুষ্টিজনিত রোগের প্রাদুর্ভাব আছে। এর সঙ্গে অসংক্রামক রোগ যুক্ত হয়ে মড়ার ওপর খাঁড়ার ঘা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ তিনিসহ বেশ কয়েকজন আলোচক বলেন, মানুষকে সচেতন করার ব্যাপারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিন ঘণ্টার এই গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠকের শুরুতে তিনি বলেন, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, বাল্যবিবাহসহ নানা সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে প্রথম আলো নিয়মিত গোলটেবিল বৈঠকের আয়োজন করে। একটি বিশেষ ধরনের রোগ নিয়ে গোলটেবিল বৈঠক এটাই প্রথম। তিনি বলেন, অসংক্রামক রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অনেক বড়।
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি এম আমজাদ হোসেন বলেন, অসংক্রামক রোগ বেড়ে যাওয়ার সঙ্গে কায়িক শ্রম কমে যাওয়ার একটা সম্পর্ক আছে। মানুষকে কায়িক শ্রমে উদ্বুদ্ধ করতে রাস্তায় নামতে হবে।
দেশের দুটি অন্যতম প্রধান বেসরকারি হাসপাতালের মালিক বৈঠকে বক্তব্য দেন। এর মধ্যে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বলেন, অনেকে সিঙ্গাপুরের হাসপাতালের মানের সেবা চান। কিন্তু দেশে মানসম্পন্ন নার্স, প্যারামেডিক, টেকনিশিয়ানের ঘাটতি আছে। তিনি বলেন, যন্ত্রাংশ আমদানিতে ৩৫ শতাংশ কর দিতে হয়। ভারতে এই কর ১২ শতাংশ। অনেক সময় বন্দরে যন্ত্র বা যন্ত্রাংশ আটকে থাকে। সহজে ছাড়ানো যায় না।
ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম বলেন, ৬০ শতাংশ রোগী সেবা পাচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে। বেসরকারি হাসপাতালের ব্র্যান্ডিং খারাপ হয়ে গেছে। এর থেকে উত্তরণ দরকার। বেসরকারি প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিলে সরকারের কোনো স্বপ্নই বাস্তবায়ন সম্ভব হবে না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ফারুক আহমেদ ভূঁইয়া বলেন, আগামী পাঁচ বছর (২০১৭-২০২২) স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন খাত কর্মসূচিতে অসংক্রামক ব্যাধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
টেলিনর হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাজিদ রহমান বলেন, দেশের ১২ কোটি মানুষের কাছে মুঠোফোন আছে। মানুষকে সচেতন করতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে। তারা এ ক্ষেত্রে তথ্যসেবা, স্বাস্থ্যবিমা ও পরামর্শ সেবা দেওয়ার কাজ শুরু করেছে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের উপপরিচালক ইকবাল মাসুদ বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে তৈরি করা কৌশলপত্র কতটুকু বাস্তবায়িত হলো, তা জানা দরকার। তামাকজাতীয় পণ্য থেকে আসা কর অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচিতে ব্যয় করার পরামর্শ দেন তিনি।