অসংখ্য কাক মরছে রামুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার চেরাংঘাটাসংলগ্ন বাঁকখালী নদীর চর এলাকায় অসংখ্য কাক মারা যাচ্ছে। গত এক মাসে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ৫০০ কাক মারা গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। যত্রতত্র পড়ে থাকা মরা কাক পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে নানা রোগব্যাধি ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।১৬ ফেব্রুয়ারি উপজেলা প্রাণিসম্পদ বিভাগ পরীক্ষার জন্য কাকের মরদেহ সংগ্রহ করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাণিসম্পদ বিভাগের ধারণা, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কাক মারা যাচ্ছে।রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, মরা কাকের দেহে বসা মশা-মাছি খাবারের ওপর বসলে সে খাবার খেয়ে মানুষের ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগ হতে পারে। তিনি মরা কাকের দেহ দ্রুত মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দেন।সরেজমিনে দেখা গেছে, উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটাসংলগ্ন বাঁকখালী নদীর পশ্চিম তীরে বাবুল কোম্পানি নামে এক ব্যক্তির একটি করাতকল রয়েছে। করাতকলটির চারপাশের গাছগাছালিতে কাকের আধিক্য চোখে পড়ার মতো। একটি গাছের নিচে অসংখ্য মরা কাক পড়ে থাকতে দেখা গেল। শুধু ওই স্থানেই কয়েক শ কাক মাটিতে পড়ে থাকতে দেখা যায়। আরও অনেকগুলো আক্রান্ত কাক মাটিতে বসে ঝিমুচ্ছে।স্থানীয় বাসিন্দা পুলক বড়ুয়া ও ফরহাদ জানান, জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে এখানে কাক মরতে শুরু করে। এ পর্যন্ত এখানে প্রায় ৫০০ কাক মারা গেছে।স্থানীয় অপর দুই বাসিন্দা শামীম আহসান ও তাপস বড়ুয়া জানান, এক মাস আগে থেকে বাঁকখালী নদীর চরে শুঁটকি মাছ শুকানো শুরু হয়। সেখান থেকে কীটনাশকযুক্ত মাছ খেয়ে কাক মারা যেতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগির মাংস বা নাড়িভুঁড়ি খাওয়ার কারণে কাকগুলো মারা পড়ছে।উপজেলা ভেটেরিনারি মাঠ সহকারী জাহাঙ্গীর আলম জানান, মরা কাকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বার্ড ফ্লু পাওয়া যায়নি। তাঁদের ধারণা, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কাক মারা যাচ্ছে।