অসংখ্য খানাখন্দ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের মোকামবাজার-মুন্সীবাজার সড়কের মোকামবাজার-দেওরাছড়া চা-বাগান অংশটির দৈর্ঘ্য ছয় কিলোমিটারে। এটুকু অংশই অসংখ্য গর্ত আর খানাখন্দে ভরা। মানুষ আর যানবাহনের এখন এই সড়কে চলাই দায় হয়ে পড়েছে। ১৮ বছর ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ বেড়ে চলেছে প্রতিনিয়ত।
সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার থেকে পূর্ব দিকে চলে গেছে মোকামবাজার-মুন্সীবাজার সড়কটি। মোকামবাজার থেকে পূর্ব দিকে অগ্রসর হলে প্রথম এক কিলোমিটারের মধ্যে কিছু ভাঙাচোরা স্থান দেখা যায়। কিন্তু এরপর সামনে এগোলেই চোখে পড়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। এ ছাড়া কোনো জায়গায় রাস্তার পিচ-খোয়া ওঠে একটু পরপর ১০-২০ ফুট চওড়া গর্ত তৈরি হয়েছে। বিভিন্ন কালভার্টের কাছে ভেঙে পড়েছে সড়কের পিচসহ মাটি। বিশেষ করে সড়কের প্রেমনগর চা-বাগানের নাচঘর, কারখানা, ব্যবস্থাপকের বাংলো, বাগানের নার্সারি, দেওরাছড়া চা-বাগানের নাচঘর ও কারখানার আগের স্থানগুলোর গর্তগুলো এরই মধ্যে বিশাল আকার নিয়েছে।
সড়কের প্রেমনগর চা-বাগানের নাচঘরের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফারুক মিয়া নামের একজনের সঙ্গে কথা হয়। তিনি প্রায় ২৫ বছর ধরে প্রেমনগর চা-বাগানের কারখানার ফিটারের কাজ করছেন। ফারুক বলেন, সর্বশেষ সড়কে কাজ হয়েছিল ১৯৯৬ সালে। এরপর মোকামবাজার থেকে দেওরাছড়া অংশে আর কোনো কাজ হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের সদর উপজেলার মোকামবাজার থেকে মৌলভীবাজার-শমশেরনগর সড়কের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার এলাকায় গিয়ে যুক্ত হয়েছে। এ
রাস্তা দিয়ে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা-বাগান ও কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা-বাগানের লোকজন এবং একই উপজেলার উত্তরাঞ্চলের রহিমপুর, মুন্সীবাজার ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মানুষ মোকামবাজার হয়ে জেলা সদরে যাতায়াত করে।
প্রেমনগর চা-বাগানের শ্রমিক রামলাল রবিদাস বলেন, ‘আমরা তবু কষ্ট করি পায়ে চলতে পারি। কিন্তু রোগী হলে খুব বিপদে পড়ি যাই। রাস্তার নাম শুনলে গাড়ি আসতে চায় না। যদি আসে, তাইলে অনেক বেশি ভাড়া চায়।’
সিএনজিচালিত অটোরিকশাচালক বাদল চন্দ্র দাস বলেন, বাধ্য না হলে তাঁরা এ রাস্তায় আসেন না।
মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী আবদুল বারেক বলেন, ‘আমাদের বরাদ্দ কম। আগামী অর্থবছরে সড়কটিকে প্রকল্পের আওতায় আনা হবে।’