অসংখ্য গর্ত, দুর্ভোগে পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

সিলেট-তামাবিল মহাসড়কের প্রায় ৫২ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছাতে হয় প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটনকেন্দ্র জাফলং। সীমান্তের সবুজ প্রকৃতি, পাহাড় আর স্বচ্ছ জলের নদী দেখে পর্যটকেরা মুগ্ধ হন। কিন্তু মহাসড়কের জাফলং অংশের প্রায় ২০ কিলোমিটারে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। এ কারণে পর্যটকদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০০৯ সাল থেকে জাফলং অংশের প্রায় ২০ কিলোমিটার ভাঙাচোরা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ প্রায় প্রতিবছর নিম্নমানের সংস্কার করে। আবার তা ভাঙে। কাজের কাজ কিছুই হয় না।
সওজ বিভাগের সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল মহাসড়ক প্রস্তাবিত ‘এশিয়ান হাইওয়ে’ প্রকল্পের একটি সড়ক। পর্যটনকেন্দ্র জাফলং, তামাবিল স্থলবন্দর যাতায়াতের সড়ক এটি।
সম্প্রতি ফেরিঘাট থেকে জাফলং পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ছোট-বড় সহস্রাধিক গর্ত। এর মধ্যে বড় আকৃতির গর্ত সংস্কারে ইট ফেলে রাখা হয়েছে। এতে অবস্থা আরও খারাপ হয়েছে। গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। তামাবিল সড়কের ফেরিঘাট, ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজ রোড, জৈন্তাপুর বাজার-সংলগ্ন চুনাহাটি মসজিদ এলাকা, চাঙ্গীলবাজার, কদমখাল, বিরাইমারা, রাংপানি, বাংলাবাজার, আসামপাড়া মসজিদ-সংলগ্ন এলাকা, শ্রীপুর পিকনিক সেন্টার, মোকামবাড়ী, আলুবাগান, নলজুরী, তামাবিল পর্যন্ত ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। জাফলংয়ের কাছাকাছি পৌঁছালে ‘মামারবাজার’ মোড় থেকে মোহাম্মদপুর ও জাফলংয়ের বল্লাঘাট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশে ভাঙাচোরা সড়কের পিচ উঠে গেছে। এ অংশে শুষ্ক মৌসুমে ধুলো ওড়ে।
জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজে অধ্যয়নরত কয়েকজন ছাত্রী প্রথম আলোকে বলেন, জাফলংয়ের বল্লাঘাট এলাকার আশপাশে অসংখ্য পাথর ভাঙার কল (স্টোন ক্র্যাশার মিল) থাকায় পাথরের গুঁড়ো মিলে ধুলো-কাদা মেখে পথ চলতে হয়। অনেক সময় যানবাহন বদল করতে হয়।
জাফলংয়ে আসা পর্যটকবাহী একটি বাসের চালক হারুন মিয়া বলেন, বিশেষ করে শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা জাফলং আসেন। ২০০৯ সাল থেকে তিনি প্রতিবছর এ সময় জাফলং আসছেন। প্রতিবারই জাফলংয়ের মামারবাজার মোড়ের ভাঙাচোরা অংশ দেখেন। কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, অবস্থাটা এমন হয়েছে, জাফলং আসতে চাইলে রাস্তার ওই একটি জায়গার জন্য ভয় হয়।
জাফলং পাথর শ্রমিক সংগঠনের সভাপতি মো. আইয়ুব আলী বলেন, জৈন্তাপুরের ফেরিঘাট থেকে জাফলং পর্যন্ত পাথরবাহী ট্রাক চলাচল করে। এ কারণে সড়কের অবস্থা নাজুক হয়। সংস্কারকাজে ভারী যান চলাচলের এলাকা চিহ্নিত করা হয় না।
মামারবাজার মোড় থেকে বাল্লাঘাট পর্যন্ত সড়কের অবস্থা সম্পর্কে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিন বলেন, জাফলংয়ের ডাউকি ও পিয়াইন নদের সঙ্গে সংযোগ হওয়া কয়েকটি নালার কারণে সড়কের এ অবস্থা। বেশি নাজুক হলে সওজ অস্থায়ীভাবে সংস্কার করে। তবে পিয়াই নদের ওপর নির্মাণাধীন সেতু চালু হলে এ রকম থাকবে না।
সওজ বিভাগের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, সেতু হলে পরিস্থিতির উন্নতি হবে। এ ছাড়া তামাবিল মহাসড়কের সিলেট থেকে ৩৫ কিলোমিটার পরবর্তী ভাঙাচোরা অংশ নিয়ে জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় ‘কংক্রিট ঢালাই’ সড়ক নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলে কাজ শুরু করতে দরপত্র আহ্বান করা হবে।