অসংখ্য ডুবোচর, ঝুঁকি নিয়ে চলছে নৌযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী নদীবন্দরের প্রবেশমুখে লোহালিয়া নদীসহ নৌপথের বিভিন্ন স্থানে অসংখ্য চর জেগে উঠেছে। এগুলোর মধ্যে বেশির ভাগ ডুবোচর হওয়ায় নৌযানগুলো এখন ঝুঁকি নিয়ে চলাচল করছে। পটুয়াখালী নদীবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পটুয়াখালী আসার পথে লোহালিয়া নদীর ঝিলনা, চরগরবদী ও লোহালিয়া নদী এবং লাউকাঠি নদীর সংযোগস্থলে অসংখ্য চর জেগে উঠেছে। এ ছাড়া পটুয়াখালীর পর গলাচিপা যাওয়ার পথে গলাচিপা লঞ্চঘাট এলাকায়ও চর জেগে উঠেছে। এই চারটি স্থানের মধ্যে পটুয়াখালী লঞ্চঘাটের পূর্বদিকে লোহালিয়া-লাউকাঠি নদীর সংযোগস্থলে এক কিলোমিটার, এই সংযোগস্থলের দক্ষিণে বাঁধঘাট পর্যন্ত দুই কিলোমিটার, ঝিলনামোড় থেকে কারখানাঘাট পর্যন্ত এক কিলোমিটার এবং গলাচিপা লঞ্চঘাট এলাকায় এক কিলোমিটার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ ছাড়া অভ্যন্তরীণ পথে পটুয়াখালী থেকে দশমিনা যাওয়ার পথে রনগোপালদি নদীর মুখ থেকে বুড়াগৌরাঙ্গ নদের সংযোগস্থল পর্যন্ত দুই কিলোমিটারেও চর জেগে উঠেছে। এই সাত কিলোমিটার এলাকা জরুরি ভিত্তিতে খননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন পটুয়াখালী বন্দর থেকে চারটি বড় দোতলা লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আবার ঢাকা থেকেও অনুরূপ চারটি লঞ্চ যাত্রী ও মালামাল নিয়ে পটুয়াখালী বন্দরের ঘাটে আসে। লোহালিয়া নদীর চ্যানেল দিয়ে গলাচিপা পর্যন্ত প্রতিদিন একটি করে দোতলা লঞ্চ যাওয়া-আসা করে। এ ছাড়া মালামাল পরিবহনে এই নৌপথে অসংখ্য কার্গো ও ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করে। পটুয়াখালী-ঢাকা চলাচলকারী দোতলা লঞ্চ আঁচল-৫-এর সুকানি (চালক) জাকির হোসেন জানান, ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চঘাটের প্রবেশমুখে লোহালিয়া নদীর মোহনায় বিশাল চর জেগে চ্যানেল ছোট হয়ে গেছে। ভাটার সময় ঘাটে লঞ্চ ভেড়ানো যায় না। এ ছাড়া এই নদীর ঝিলনারটেক ও প্রতাপপুর এলাকায় বিশাল চর জেগে ওঠা ছাড়াও অসংখ্য ডুবোচর রয়েছে। সুন্দরবন-৬ লঞ্চের মাস্টার আলমগীর হোসেন জানান, পটুয়াখালী লঞ্চঘাট থেকে ঝিলনা হয়ে কারখানা লঞ্চঘাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার ঝুঁকির মধ্যে চলাচল করতে হচ্ছে। অনেক সময় যাত্রী নিয়ে ডুবোচরে জাহাজ আটকে ঘণ্টার পর ঘণ্টা জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়।পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ড্রেজিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই নৌপথে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব নদী খননকাজ শুরু করা হবে। তবে ড্রেজারের স্বল্পতা রয়েছে।’