অসংযত আচরণের দায় স্বীকার করলেন রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি

সাংবাদিক পেটানোর ঘটনায় নিজের অসংযত আচরণের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন সরকার দলীয় সাংসদ গোলাম মাওলা রনি। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ঘটনার জন্য ক্ষমা চান। সাংসদ বলেন, ‘এই ঘটনায় সাংবাদিক বন্ধুদের সঙ্গে অসংযত আচরণের দায় পুরোপুরি আমার। গণমাধ্যমে যুক্ত/কর্মরত সকল সাংবাদিক বন্ধু, এ আচরণে ক্ষুব্ধ সকল শুভানুধ্যায়ীদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’ বিবৃতিতে সাংসদ গোলাম মাওলা নিজেকে পরিস্থিতির শিকার বলে দাবি করেন। তিনি বলেন, নানা বিষয়ে মতপার্থক্য এবং দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে তিনি এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন। রনির ভাষ্য, ‘ঘটনার পূর্বাপর বিশ্লেষণে বোঝা যায়, আমি মূলত পরিস্থিতির শিকার।’ বিবৃতিতে গোলাম মাওলা বলেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা নিয়ে লেখালেখি হচ্ছে। এসব অভিযোগের কোনো সত্যতা নেই বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, এসব অভিযোগের একটিরও সত্যতা প্রমাণিত হলে তিনি তাত্ক্ষণিকভাবে রাজনীতি থেকে চিরদিনের মতো সরে দাঁড়াবেন।

গত শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মীকে মারধর করেন গোলাম মাওলা। মারধরের শিকার সংবাদকর্মীরা হলেন প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল।