অসংসদীয় বক্তব্য বাদ দেওয়ায় টিআইবির অভিনন্দন
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সম্পর্কে ৩ জুন জাতীয় সংসদে কয়েকজন সাংসদ অসংসদীয় বক্তব্য দেওয়ার পর তা বাদ দিতে (এক্সপাঞ্জ) স্পিকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল সোমবার টিআইবি এ জন্য স্পিকারের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে। টিআইবি স্পিকারের সঙ্গে একাত্ম হয়ে কয়েকটি সংবাদপত্রে ভিত্তিহীন সংবাদ প্রকাশে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানিয়েছে যেন তারা আরও সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে ব্রতী হন। সংবাদমাধ্যমের পেশাগত ও নৈতিক মান উন্নয়নে গণমাধ্যমের ভেতর থেকেই উদ্যোগ গ্রহণ করতে হবে বলে মনে করে টিআইবি।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, স্পিকার আবদুল হামিদ গত রোববার অধ্যাপক সায়ীদ সম্পর্কে অসংসদীয় বক্তব্যের ব্যাপারে সংসদে দুঃখ প্রকাশ করেন। তিনি ওই বক্তব্য এক্সপাঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সংসদীয় চর্চায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও বলেন, টিআইবি আশা করে, ১৮ মিনিটের সম্পূর্ণ আলোচনা বাদ (এক্সপাঞ্জ) দেওয়া হবে।গত ৫ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং ৭ জুন টিআইবির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে স্পিকারকে প্রাতিষ্ঠানিকভাবে উল্লেখিত বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ জানানো হয়। এর আগে ৩ জুন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বক্তব্যের অনুলিপি ও সিডি স্পিকারের কাছে পাঠানো হয়।