অসচ্ছল প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা অসচ্ছল বাংলাদেশিদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছর থেকেই এই বৃত্তি দেওয়া হবে। গতকাল সোমবার এ বিষয়ে আবেদন আহ্বান করা হয়েছে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্র জানায়, ২০১১ সালে অষ্টম শ্রেণী পাস করে যারা নবম/সমমান শ্রেণীতে পড়ছে, ২০১২ সালে মাধ্যমিক/সমমান পাস করে যারা উচ্চমাধ্যমিক/সমমান শ্রেণীতে পড়ছে এবং ২০১১ সালে উচ্চমাধ্যমিক পাস করে যাঁরা এখন পাবলিক বিশ্ববিদ্যালয় বা পাবলিক মেডিকেল কলেজে পড়ছেন তাঁরা এ বছর বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।সূত্র আরও জানায়, অন্তত পাঁচ বছর ধরে বিদেশে আছেন এবং ২০০০ সালের পর বিদেশে কর্মরত অবস্থায় মারা গেছেন, এমন কর্মীদের অসচ্ছল সন্তানেরাই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে জেএসসি/সমমান, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। সব জেলার কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে এবং বিএমইটির ওয়েবসাইটে (www.bmet.oৎg.bd) আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্র নিজ হাতে আবেদনপত্র পূরণ করে ২১ অক্টোবরের মধ্যে জেলা কর্মসংস্থান কার্যালয়ে জমা দিতে হবে।বিএমইটির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৪৩টি দেশে এক কোটি বাংলাদেশি আছেন। এর মধ্যে ৮০ লাখই প্রবাসী শ্রমিক।শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বিএমইটির পরিচালক (কল্যাণ) মোহসিন চৌধুরী প্রথম আলোকে বলেন, জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা বৃত্তি পেলে মাসে এক হাজার টাকা হারে দুই বছর পাবে। এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণরা দুই বছর মাসে দেড় হাজার টাকা করে পাবে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বৃত্তি হিসেবে মাসে দুই হাজার টাকা করে চার বছর পাবেন।