অসচ্ছল প্রার্থীদের আর্থিক সহায়তা আ.লীগের
নির্বাচনী ব্যয় মেটাতে দলের মনোনীত অসচ্ছল প্রার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে আওয়ামী লীগ। এমন প্রায় অর্ধশত প্রার্থীর তালিকা করা হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ১৫টি পৌরসভার মেয়র প্রার্থীকে টাকা দেওয়া হয়েছে।
পৌর নির্বাচন তদারকির দায়িত্বে থাকা একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। অবস্থা বিবেচনা করে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় কোনো নেতা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। একাধিক মেয়র প্রার্থী টাকা পাওয়ার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন। তবে তাঁরাও নাম না প্রকাশ করার শর্ত দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, নির্বাচনী বিধিবিধান লঙ্ঘন এবং অন্য মেয়র প্রার্থীরা মনঃক্ষুণ্ন হতে পারেন—এমন আশঙ্কায় গোপনীয়তা রক্ষা করে এসব অনুদান দেওয়া হচ্ছে।
নির্বাচন পরিচালনা বিধি অনুসারে, রাজনৈতিক দল তাদের মনোনীত প্রতি মেয়র প্রার্থীর জন্য দলীয় তহবিল থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন।
এদিকে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন তদারকে নিয়োজিত নেতারা অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন।
বৈঠক-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৈঠক থেকে ফোনে দলের প্রার্থীদের আরও বেশি বেশি করে কর্মী মাঠে নামাতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে গতকাল বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি যে বৈঠক করেছে, সেটি নিয়েও আলোচনা হয়।