অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে সচেতনতা চাই
আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।জেলার লিগ্যাল এইডের সভাপতি জেলা ও দায়রা জজ মো. আবু হানিফের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বলা হয়, বর্তমান সরকার এ জেলার আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থী মানুষের আইনি সহায়তায় পাঁচ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। যারা এই সুযোগ-সুবিধা পেতে আগ্রহী তাদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানানো হয়। আলোচনা সভায় বলা হয়, জজ আদালতে সাড়ে নয় হাজার মামলা বিচারাধীন। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা বিচারাধীন আছে দেড় হাজার। সরকারের দেওয়া আর্থিক এই সহযোগিতা ভোগ করছেন মাত্র ১৩২ জন বিচারপ্রার্থী। আর তাঁদের জন্য এ পর্যন্ত সরকারের দেওয়া অর্থ ব্যয় হয়েছে দুই লাখ ৯০ হাজার টাকা। কিন্তু ব্যাপক প্রচার না থানায় এর সুযোগ-সুবিধা অনেকে পাচ্ছেন না। তাই এ আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, পুলিশ প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি, মানবাধিকার সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকদের এর প্রচারের জন্য আহ্বান জানান জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ। জেলা ও দায়রা জজ তাঁর বক্তব্যে আরও বলেন, এই মামলা চালাতে গিয়ে অনেক পরিবার সংসারের সবকিছু হারিয়ে ফেলছে। তারা যদি সরকারের দেওয়া বিচার পরিচালনার খরচের অর্থের সহায়তা নেয়, তাহলে তাদের সেটি দেওয়া হবে। সভায় আরও বলা হয়, আওয়ামী লীগ সরকার ২০০০ সালে এই সহায়তা চালু করেছিল। এর আরও প্রসার ঘটানো হবে। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওহাব, সাধারণ সম্পাদক আলীমুদ্দিন বসুনিয়া, জজ আদালতের পিপি মমতাজুল হক, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান দৌলতনজামান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহাবুদ্দিন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক প্রমুখ। এ সময় জজ আদালতের বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনছার আলী, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম এ নূর, জ্যেষ্ঠ সহকারী জজ কামরুন নাহারসহ আইনজীবী সমিতির সদস্য, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী প্রমুখ।