অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভবনের চাবি হস্তান্তর
পঞ্চগড়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নবনির্মিত বাসভবন নির্মাণ প্রকল্পের আওতায় সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের বাসভবনের চাবি হস্তান্তর করা হয়েছে। গত রোববার বিকেলে সদর উপজেলার সাতজন মুক্তিযোদ্ধার হাতে আনুষ্ঠানিকভাবে বাসভবনের চাবি তুলে দেওয়া হয়।
সদর উপজেলার ভাবরঙ্গী গ্রামে মুক্তিযোদ্ধা আবদুল আজিজের বাসভবনের ফলক উন্মোচন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। নতুন বাসভবন পেয়ে আবদুল আজিজ বলেন, ‘বাড়ি পাব সেই আশায় যুদ্ধে যাইনি। একটি দেশ, পতাকা ও মানচিত্রের জন্য যুদ্ধে গেছি। বর্তমান সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নতুন পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
পরে প্রধান অতিথি সাতজন মুক্তিযোদ্ধার হাতে বাসভবনের চাবি তুলে দেন। মুক্তিযোদ্ধা আবদুল আজিজের বাসভবন চত্বরে সদর উপজেলা কমান্ডার ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ইউএনও লায়লা মুনতাজেরী। অন্যান্যের মধ্যে সাবেক জেলা কমান্ডার এস এম লিয়াকত আলী, জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ প্রমুখ বক্তব্য দেন।