অসচ্ছল মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণের টাকা কোটিপতিদের নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ-অসহায় মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ করা গৃহনির্মাণের টাকা ধনাঢ্য মুক্তিযোদ্ধা ও অপ্রকৃত মুক্তিযোদ্ধারা পেয়েছেন। এরই প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শেষে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুশাসনের জন্য নাগরিক, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক ঘণ্টার এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা সংসদের অনিয়ম-দুর্নীতির বিচার এবং ধনাঢ্য ব্যক্তিদের নামে বরাদ্দ করা টাকা বাতিল করে দুস্থ লোকজনের মধ্যে বিতরণের দাবি করেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম বলেন, এটা গৃহনির্মাণ বাছাই কমিটি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যাপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর দায় বহন করবে না।
তবে ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমান বলেন, ‘কাদের গৃহনির্মাণের টাকা দেওয়া হবে, এ জন্য জেলা কমিটির কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে। তারপর উপজেলা প্রশাসন এ তালিকা করেছে। এখানে আমাদের একক দায়ভার নেই।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের আওতায় ভোলা জেলায় প্রথম কিস্তিতে ২৫ জন এবং দ্বিতীয় কিস্তিতে ১৬ জনকে গৃহনির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিজনকে প্রায় ৯ লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টাকা প্রদানের ক্ষেত্রে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনারা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া অসচ্ছল মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী, যুদ্ধাহত, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাবঞ্চিত, কৃষি বা বাণিজ্যিক জমি নেই, বসতভিটায় কুঁড়েঘর রয়েছে, দিনমজুর মুক্তিযোদ্ধারা অগ্রাধিকার পাবেন। ভবন নির্মাণের জন্য ছয় সদস্যের কমিটি থাকবে। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহসভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সদস্যসচিব হবেন উপজেলা ডেপুটি কমান্ডার।
কিন্তু ভোলায় শত শত মুক্তিযোদ্ধা অনাহারে-অর্ধাহারে দিন কাটালেও ধনাঢ্য ও অপ্রকৃত মুক্তিযোদ্ধারা গৃহনির্মাণের বরাদ্দ পেয়েছেন। প্রথম ধাপের ২৫ জনের ও দ্বিতীয় ধাপের কেউই এ বরাদ্দ পাওয়ার উপযুক্ত নন। ৪১ জনের মধ্যে ৩২ জন কোটিপতি বহুতল ভবন ও বিপণিবিতানের মালিক। যাঁরা আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং জেলা-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা। তারপরও দুস্থ-অসহায় ব্যক্তিদের বরাদ্দ লোপাট করেছেন তাঁরা।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ও ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ভোলা সদর উপজেলার আবদুল বারেক হেকিম একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন। তাঁর স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেছেন। অভাবের তাড়নায় তাঁর পরিবারের সদস্যরা শেষ ভিটাটুকু বিক্রি করে ঢাকা শহরে রিকশা চালাচ্ছেন। তাঁরা গৃহনির্মাণের টাকা পাননি, টাকা পেয়েছেন ভোলা শহরের জাহানারা আর্কেড নামের বিপণিবিতানের মালিক, যিনি কোটিপতি। টাকা পেয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জেলা পরিষদের সদস্য দোস্ত মাহমুদ। এসব কোটিপতি ব্যক্তিকে বাদ দেওয়ার জন্য গত ডিসেম্বরে জেলা প্রশাসক বরাবর আবেদন করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এতে বোঝা যাচ্ছে, বাছাই কমিটির সবাই এ অন্যায়ের সঙ্গে জড়িত।
মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধা আবদুল জব্বার বলেন, যাঁরা ঘর নির্মাণের টাকা পেয়েছেন, সেটি ফিরিয়ে আনা উচিত এবং যোগ্য ব্যক্তিদের দেওয়া উচিত।
সমাবেশে আরও বক্তব্য দেন ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনেয়ারা চিনু, আইনজীবী জয়ন্ত কুমার বিশ্বাস, সুজনের সাধারণ সম্পাদক নাসির লিটন, প্রভাষক আ ন ম রিয়াজ উদ্দিন, আঙিনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক বিলকিস জাহান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবিনাশ নন্দী, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সাধারণ সম্পাদক মো. হোসেন, সুজনের নির্বাহী সদস্য তালহা তালুকদার প্রমুখ।
ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন স্মারকলিপি মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘কোন কোন মুক্তিযোদ্ধাকে গৃহনির্মাণের টাকা দেওয়া হয়েছে, জেলা প্রশাসন কার্যালয়ে তার কোনো তালিকা নেই, দেখিনিও। তালিকা আমরা করিনি। এ ধরনের কাজ আমার হাত দিয়ে হওয়া সম্ভব নয়।’