অসচ্ছল মুক্তিযোদ্ধার তালিকায় আ.লীগ নেতা ও ধনীরা!
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে দলীয় প্রভাব খাটিয়ে সচ্ছল মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভক্ত করা হয়েছে। এ তালিকায় উপজেলা ভাইস চেয়ারম্যানের আত্মীয় ও আওয়ামী লীগের কয়েকজন নেতার নামও রয়েছে। পাকাবাড়ি ও আবাদি জমি আছে এমন ধনী মুক্তিযোদ্ধারা ভাতা পেলেও ভূমিহীন ও হতদরিদ্র মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছেন না।তালিকা তৈরিতে অনিয়ম হওয়ায় কয়েক দিন আগে স্থানীয় ২৭ জন মুক্তিযোদ্ধা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।মুক্তিযোদ্ধাদের ভাতাবিষয়ক গেজেট সূত্রে জানা গেছে, যেসব মুক্তিযোদ্ধার বার্ষিক আয় ২৪ হাজার টাকা কেবল তাঁরাই এই ভাতা পাওয়ার অধিকারী। এ ক্ষেত্রে সর্বোচ্চ বয়স্ক, আবাদি জমি নেই ও পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই এমন মুক্তিযোদ্ধার পরিবার বা মুক্তিযোদ্ধারা পাওয়ার যোগ্য হবেন। লিখিত অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শেখর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল রেজার বাবা সৈয়দ বদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বনমালীপুর গ্রামের মো. শাহজাহান মিয়া, ভাটপাড়া গ্রামের মুন্সি আনোয়ার হোসেন, কলিমাঝি গ্রামের মো. জাহিদুল আলম, ঘোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. চানমিয়া সচ্ছল মুক্তিযোদ্ধা। তাঁদের মধ্যে কয়েকজনের শহর ও গ্রামে পাকা বাড়ি, ৪০-৮০ বিঘা পর্যন্ত আবাদি জমি এবং কারও কারও মার্কেটে দোকানও আছে। কিন্তু তাঁরাসহ আরও বেশ কয়েকজন সচ্ছল মুক্তিযোদ্ধার অসচ্ছল মুক্তিযোদ্ধার তালিকায় ঢোকানো হয়েছে। বোয়ালমারী উপজেলায় গত ১০ মার্চ অনুমোদন হওয়া ৫৯ জনের তালিকায় তাঁদের নাম রয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, বোয়ালমারী উপজেলার কলিমাঝি গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবদুল বারীর ২০ শতাংশ ভিটায় একটি জরাজীর্ণ টিনের ঘর ছাড়া কোনো জমি-জিরাত নেই। শেখপুরা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল কাশেমের স্ত্রী পিয়ারা বেগমের ২১ শতাংশ বসতভিটা ছাড়া কোনো জমিজমা নেই। একই অবস্থা দরিসহস্রাইল গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মৃত মানোয়ার খানের স্ত্রী রাশিদা বেগমের। ক্যানসারে আক্রান্ত হয়ে তিন বছর আগে প্রায় বিনা চিকিৎসায় মারা যান মানোয়ার খান। তাঁরা অভিযোগ করেন, জীবিত অবস্থায় তাঁদের স্বামীরা ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু আজও তাঁরা ভাতা পাননি।সচ্ছল মুক্তিযোদ্ধা সৈয়দ বদিউজ্জামান বলেন, ‘যেহেতু এটা সম্মানী ভাতা তাই ভাতার জন্য আবেদন করেছিলাম। তবে ভাতা পাওয়ার জন্য কারও কাছে তদবিরে যাইনি।’ মুন্সি আনোয়ার হোসেন বলেন, ‘আমার বিভিন্ন দায়দেনা আছে। সামনে হজে যাব, তাই ভাতা আমার প্রয়োজন। সৈয়দ বদিউজ্জামান, মো. শাহজাহান মিয়া, মো. শাহাদত হোসেনকে সচ্ছল ব্যক্তি স্বীকার করে রূপাপাত ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আতিয়ার রহমান বলেন, ‘রাজনৈতিক চাপে ও তদবিরে আমরা সচ্ছল ব্যক্তিদের নাম ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করেছি। এতে কিছু প্রকৃত অসচ্ছল ব্যক্তি তালিকা থেকে বাদ পড়েছেন।’বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবদুর রশিদ বলেন, কিছু সচ্ছল ব্যক্তি ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এ কথা সঠিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুর রহমান জানান, তিনি এই যাচাই-বাছাই কমিটির উপজেলা আহ্বায়ক। ধনাঢ্য হয়েও অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা নেওয়ার আবেদন করেছেন, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তিনি আপত্তি জানিয়েছিলেন। পরে রাজনৈতিক প্রভাবের কারণে তা জেলা কমিটি থেকে অনুমোদন পেয়ে গেছে।