অসচ্ছলতাই আত্মহত্যার প্রধান কারণ
শৈশব পার করে কৈশোরে পা দেওয়ার পর জীবন আনন্দময় হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে তা বিষাদে ভরে ওঠে। তখনই কিশোর-কিশোরীরা বেছে নেয় আত্মহত্যার পথ। গবেষণায় দেখা গেছে, এর প্রধান কারণ অর্থনৈতিক অসচ্ছলতা। ‘কিশোর-কিশোরীদের মাঝে আত্মহত্যার চিন্তা এবং চেষ্টা’ শিরোনামের গবেষণা প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে এক কর্মশালায় গবেষণার প্রথম পর্যায়ের ফলাফল তুলে ধরা হয়।গবেষকেরা বলেন, কিশোর-কিশোরীদের আত্মহত্যার প্রবণতা কমাতে পরিবার ও তাদের অর্থনৈতিক নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি অন্যান্য কারণ বিশ্লেষণ করে তা দূর করার কার্যকর উদ্যোগ নিতে হবে। শারীরিক ও মানসিক সুস্থতার ওপর জোর দিতে হবে।ইউনিসেফের সহযোগিতায় গবেষণাটি করেছে এমআরসি-মোড লিমিটেড নামের একটি সংস্থা। গবেষণার মূল তথ্য উপস্থাপন করেন সংস্থার মহাব্যবস্থাপক শিরিন আবেদিন। গবেষণায় ১০ থেকে ১৯ বছর বয়সীদের কিশোর-কিশোরী বলা হয়েছে। প্রথমে দেশের বিভিন্ন অঞ্চলের ১০০ জন কিশোর-কিশোরীকে পর্যবেক্ষণ করার পর ২৫ জনকে বাছাই করা হয়। এই ২৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। এদের ১৬ জন আত্মহত্যার চিন্তা করেছে আর বাকি নয়জন জীবনে একবার আত্মহত্যার চেষ্টা করেছে।গবেষণায় বলা হয়, কিশোর-কিশোরীরা প্রধানত অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আত্মহত্যার চেষ্টা ও চিন্তা করে। পারিবারিক সহিংসতা, সম্পর্কের অবনতি, প্রেমে ব্যর্থ বা প্রত্যাখ্যাত হওয়া, যৌন হয়রানি, একাকিত্ব, বেকারত্ব, মানসিক চাপ বা অসুস্থতা, তালাক, হতাশা, মা-বাবার সঙ্গে ভুল বোঝাবুঝিসহ বিভিন্ন কারণে কিশোর-কিশোরীরা আত্মহত্যার পথ বেছে নেয়। এ প্রবণতা কিশোরদের চেয়ে কিশোরীদের মধ্যে বেশি। আত্মহত্যার প্রবণতা রোধে চার স্তরে চেষ্টা চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পারিবারিক পর্যায়ে মা-বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সচ্ছলতা, আত্মসচেতনতা সৃষ্টি ও উন্মুক্ত আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে। সামাজিক পর্যায়ে আত্মহত্যাবিরোধী প্রচার চালাতে হবে। স্কুল পর্যায়ে পাঠ্যসূচিতে জীবনবোধের ওপর জোর দিতে হবে। শিক্ষার্থীদের যত্ন ও তাদের মানসিক অবস্থা সম্পর্কে নিয়মমতো অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে আত্মহত্যাবিরোধী প্রচার চালানোর পাশাপাশি প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।ইউনিসেফের কর্মকর্তারা বলেন, বাংলাদেশের প্রায় ২৯ হাজার নারীর মৃত্যুর কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, ৪২ শতাংশ নারী (বয়স ২০-২৯) এবং ৩৬ শতাংশ কিশোরীর (বয়স ১০-১৯) মৃত্যু আত্মহত্যাজনিত। এই প্রবণতা গ্রামে বেশি।শিরিন আবেদিন জানান, ২৫ জন কিশোর-কিশোরী জরিপকারীদের কাছে নিজেরাই বলেছে যে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। ভবিষ্যতে তারা এ পথ আর মাড়াবে না।কর্মশালায় ঝিনাইদহে আত্মহত্যা রোধে গৃহীত কর্মকাণ্ড ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন বেসরকারি সংস্থা সোসাইটি ফর ভলান্টারি একটিভিটিসের নির্বাহী ব্যবস্থাপক জাহিদুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মেহতাব খানম, বেসরকারি প্রতিষ্ঠান এশিয়াটিক ৩৬০-এর চেয়ারম্যান আলী যাকের প্রমুখ বক্তব্য দেন।