ইসমোতারা বেগম (২৫) তিন শিশুসন্তানসহ স্বামী ও শাশুড়িকে নিয়ে রিকশাভ্যানে চড়ে গিয়েছিলেন অসুস্থ নানিকে দেখতে। সেখান থেকে ফেরার সময় দুই মাসের সন্তানকে শাশুড়ির কোলে দিয়ে অপর দুই সন্তানকে ভ্যানে দুই হাতে আগলে রেখেছিলেন। এ সময় অসতর্ক অবস্থায় তাঁর গায়ের চাদর রিকশাভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। তিনি দুই সন্তানসহ পড়ে যান পাকা রাস্তায়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সামান্য আহত হয় দুই শিশুসন্তান সাদিয়া (৫) ও ছেনেফা (৩)।
গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের মিরাপাড়া গ্রামের অদূরে এ ঘটনা ঘটে। ইসমোতারার বাড়ি রংপুরের বদরগঞ্জের আমরুলবাড়ি হাটখোলা পাড়া গ্রামে। তাঁর স্বামী ছাইদার রহমান ভ্যানচালক। ব্যাটারি ও মোটরের সাহায্যে ভ্যানটি চালান তিনি। এই ভ্যানে চড়েই এ দুর্ঘটনা ঘটে।
গতকাল সন্ধ্যায় ইসমোতারার বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর লাশ দাফনের প্রস্তুতি চলছে। তাঁর দুই মাস বয়সের মেয়েসন্তানকে একজন কোলে নিয়ে বাড়ির উঠানে বসে কাঁদছেন। আর শিশুটি এপাশ-ওপাশ তাকানোর চেষ্টা করছে। অন্য দুই শিশুসন্তান বাড়ির উঠানের একপাশে বিষণ্ন মনে দাঁড়িয়ে আছে। হয়তো বুঝতে পারছে না তাদের মমতাময়ী মা আর কোনো দিন ফিরে আসবেন না। করবেন না তাদের আদর।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রিকশাভ্যানে চাদর পেঁচিয়ে ইসমোতারা পাকা সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এরপর তাঁর নাক-কান ও মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রতিবেশী জোসনা বেগম বলেন, ইসমোতারার মতো ভালো মানুষ গ্রামে নেই। তাঁর মৃত্যুতে তিন মেয়েশিশু সন্তানের ভবিষ্যৎ বলতে গেলে এখন অন্ধকার। আমরা এখন এই শিশুদের নিয়েই বেশি ভাবছি।’