অসতর্কতায় এক পুলিশের গুলিতে আরেক পুলিশ আহত
নীলফামারীতে এক পুলিশ কনস্টেবলের অসতর্কতায় তাঁর শটগানের গুলিতে আহত হয়েছেন এএসআই (সশস্ত্র ) আমিনুর রহমান (৩৬)। তবে তিনি আশঙ্কামুক্ত। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে নীলফামারী জজ কোর্টের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ওই পুলিশ কনস্টেবল তানজিনাকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে নয়টার দিকে জজ কোর্টের প্রধান ফটকের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের ওখানে একটি গুলির শব্দ শোনা যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে পুলিশ সদস্যরা এক পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে যায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, আজকে মানবতাবিরোধী অপরাধের মামলার মুজাহিদ ও সাকা চৌধুরীর রায় ঘোষণার দিন। এ রায়কে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় জজ কোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ইনচার্জ এএসআই আমিনুর রহমান তাঁর অধীনে দায়িত্ব পালনকারীদের অস্ত্রে গুলি ভর্তি করে রাখতে বলেন। এ সময় অস্ত্র পরীক্ষা করতে গিয়ে অসতর্কতায় ওই নারী কনস্টেবলের শটগান থেকে একটি রাবার বুলেট বের হয়ে আমিনুরের ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল আউয়াল বলেন, সকাল নয়টার দিকে ওই পুলিশ সদস্যকে এই হাসপাতালে আনা হয়। তাঁর ডান পায়ের হাঁটু থেকে তাৎক্ষণিকভাবে ছয়টি ছররা গুলি অপসারণ করা হলেও ভেতরে থাকা আরেকটি গুলি অপসারণ সম্ভব হয়নি। এ ছাড়া প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
নীলফামারী পুলিশ লাইনসের আরও ( রিজার্ভ অফিসার) এসআই আনোয়ার হোসেন বলেন, অসতর্কতায় কনস্টেবল তানজিনার শটগান থেকে একটি রাবার বুলেট বের হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ওই নারী পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।