অসতর্কতায় কাল হলো বাঁশি

পুতুলের গা থেকে ছোট্ট প্লাস্টিকের বাঁশিটি খুলে আপন মনে বাজাচ্ছিল শিশু রবিউল আলম (৫)। হঠাৎ করে বাঁশিটি তার শ্বাসনালিতে আটকে যায়। পরিবারের সদস্যরা বাড়ির ভেতর থেকে তখনো বাঁশির শব্দ শুনতে পাচ্ছিলেন। কিন্তু সেটা যে ছিল শিশুটির প্রাণপণে শ্বাস নেওয়ার চেষ্টা করার সময় শ্বাসনালিতে আটকে পড়া বাঁশি থেকে সৃষ্ট শব্দ, তা তাঁরা বুঝতে পারেননি। অনেক পরে যখন তাঁরা বুঝতে পেরে রবিউলেক নিয়ে হাসপাতালে ছুটে গেলেন, তখন আর শিশুটি বেঁচে নেই।
গত রোববার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরপাড়া গ্রামে শিশু রবিউলের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। রবিউল ওই গ্রামের কৃষক ফারুক আহমেদের ছেলে।
ফারুক আহমেদ বলেন, তিনি মাঠে কাজ করছিলেন। খবর পেয়ে রবিউলকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু কিছুক্ষণ আগেই তাঁর ছেলে মারা গেছে বলে চিকিৎসক জানান।
রবিউলের মা মমতা খাতুন বলেন, বাঁশিটি ছিল একটি পুতুলের গায়ে লাগানো। তাঁর ছেলে সেটি খুলে কয়েক দিন ধরে বাজাচ্ছিল। গত রোববার সকালে রবিউল আলম বাঁশিটি মুখে নিয়ে বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছিল আর মাঝে মাঝে সেটিতে ফুঁ দিয়ে বাজাচ্ছিল। তিনিসহ বাড়ির অন্যরা সেই শব্দ শুনতে পাচ্ছিলেন। হঠাৎ বাঁশির শব্দটি টানা বেজে চলছিল। কিন্তু তাঁরা কেউ ভাবতে পারেননি যে বাঁশিটি ওর শ্বাসনালিতে আটকে গেছে। বাড়ির বাইরে এক নারী শিশুটির করুণদশা দেখে চিৎকার দেন। তখন তাঁরা ছুটে গিয়ে দেখেন, রবিউল শ্বাস নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে। পরে তাঁদের চিৎকারে ফারুক আহমেদ মাঠ থেকে ছুটে এসে ছেলেকে হাসপাতালে নেন। কিন্তু ততক্ষণে সব শেষ।