অসতর্কভাবে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় নিহত
কাজ শেষে বাড়ি ফেরার পথে কোনো দিকে না তাকিয়ে রাস্তা পার হচ্ছিলেন দুলাল শেখ (৩৫)। এ সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুলাল উপজেলার জাগীর গ্রামের দুলু শেখের ছেলে। তিনি পেশায় টেম্পোচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে কাজ শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বাড়ি ফিরছিলেন দুলাল শেখ। রাত ১০টার দিকে মেঘশিমুল এলাকায় পৌঁছে কোনো পাশে না তাকিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি যাত্রীবাহী বাস
দুলাল শেখকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে দুলাল শেখ রাস্তার পাশে ছিটকে পড়েন।
গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন দুলাল শেখকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার সার্জেন্ট মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।