চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তৎকালীন নিম্নমান সহকারী পদের জ্যেষ্ঠতার তালিকা সংশোধনের প্রস্তাব অনুমোদনের পরও মিথ্যা তথ্য দিয়ে তা স্থগিত রাখার অভিযোগ পাওয়া গেছে। গত ৫ জুলাই প্রথম আলোয় উচ্চ ও নিম্নমান সহকারী পদের জ্যেষ্ঠতার তালিকা সংশোধনের প্রস্তাব ফাইল চাপা পড়ার অভিযোগ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর বোর্ডের চেয়ারম্যান উচ্চমান সহকারীদের জ্যেষ্ঠতার তালিকা চূড়ান্তভাবে জারি করেন। কিন্তু মামলার অজুহাতে নিম্নমান সহকারীদের তালিকাটি স্থগিত করে রাখার অভিযোগ পাওয়া যায়।বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী গত ২০ জুন জ্যেষ্ঠতার সংশোধিত তালিকাটি অনুমোদন করেন। এর প্রায় এক মাস পর গত ১৭ জুলাই জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালা অনুসরণ করে মেধা তালিকার অবর্তমানে বয়সের ভিত্তিতে উচ্চমান সহকারী (বর্তমানে সেকশন অফিসার) পদে নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতার তালিকা (৪৭-ক অনুচ্ছেদ) চূড়ান্ত করা হয়। কিন্তু নিম্নমান সহকারীদের জ্যেষ্ঠতার তালিকাটি স্থগিত করে রাখা হয়।এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, ‘বিষয়টি বিচারাধীন’, তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৪৭(খ) অনুচ্ছেদটি স্থগিত থাকবে।’ অনুসন্ধান করে দেখা যায়, নিম্নমান সহকারী ও সমমানের কর্মচারীদের জ্যেষ্ঠতার তালিকা নিয়ে কোনো মামলা নেই। মামলা রয়েছে উচ্চমান সহকারীদের জ্যেষ্ঠতার তালিকা নিয়ে। এ মামলার বাদী মোহাম্মদ ইমাম হাছান। এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, ‘মামলার কারণে আমাদের জ্যেষ্ঠতার তালিকা সংশোধনের প্রস্তাব স্থগিত রয়েছে। ২০০৬ সালে আমরা মামলা করি। বর্তমানে এটি শুনানির অপেক্ষায় রয়েছে। ২০০০ সাল পর্যন্ত জ্যেষ্ঠতার তালিকায় আমাদের অবস্থান ঠিক ছিল। কিন্তু ২০০৩ সালে জোট সরকারের আমলে তাঁদের পছন্দের লোকজনকে শীর্ষে রেখে নতুন তালিকা তৈরি করা হয়।’জানা যায়, ১৯৯৫ সালে চট্টগ্রাম বোর্ড প্রতিষ্ঠার পর উচ্চমান সহকারী পদে ছয়জন ও নিম্নমান সহকারী পদে নয়জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রায় পাঁচ বছর পর ২০০২ সালের ৩০ ডিসেম্বর বোর্ড কর্তৃপক্ষ এ দুটি পদে কর্মরতদের চূড়ান্ত জ্যেষ্ঠতার খসড়া তালিকা প্রকাশ করে। কিন্তু এ তালিকা তৈরিতে জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালা অনুসরণ করা হয়নি বলে আপত্তি জানিয়ে ২০০৩ সালের ৫ জানুয়ারি বোর্ডের সচিব বরাবর আবেদন করেন তৎকালীন উচ্চমান সহকারী (বর্তমানে সেকশন অফিসার) রাহেলা তাছনীম নূর ও নিম্নমান সহকারী (বর্তমানে উচ্চমান সহকারী) আবু তাহের নিজামী।আবেদনে তাঁরা জ্যেষ্ঠতাসংক্রান্ত বিধিমালার ভিত্তিতে জ্যেষ্ঠতা পুনরায় নির্ধারণের দাবি জানান। কিন্তু তৎকালীন কর্তৃপক্ষ তাঁদের কারও আবেদন বিবেচনায় না নিয়ে ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি উচ্চ ও নিম্নমান সহকারী পদের জ্যেষ্ঠতার চূড়ান্ত তালিকা প্রকাশ করে।২০০৬ সালের ২৬ এপ্রিল আবু তাহের নিজামীর আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ ওই বছরের ১৪ জুন তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। কমিটি তাদের প্রতিবেদনে জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালার ভিত্তিতে তালিকা সংশোধনের সুপারিশ করে। কিন্তু তৎকালীন বোর্ড কর্তৃপক্ষ কমিটির এ সুপারিশটি বাস্তবায়ন করেনি।