অসত্য বলে প্রধানমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী অসত্য বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের অর্থনীতির অবস্থা সচল আছে, তারল্যসংকট নেই—প্রধানমন্ত্রীর এমন বক্তব্য শুনে হাসি পায়। প্রধানমন্ত্রী দেশের মানুষকে বোকা ভাবছেন। তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘তারেক রহমানকে অত্যন্ত ভালোবাসি। কারণ তিনি দেশকে নতুনভাবে ভালোবাসতে শিখিয়েছিলেন। আরাম কেদারায় বসে তিনি নেতা সাজতে চাননি।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান প্রমুখ বক্তব্য দেন।