অসদাচরণকারীদের গ্রেপ্তারের দাবি শিক্ষকদের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত রোববার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানান তাঁরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন সুলতান আহমেদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ কামরুল হুদা, মোহাম্মদ আবুল মনছুর, রাশেদ উন নবী, সুকান্ত ভট্টাচার্য, কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, এ বি এম নোমান, আকতার হোসেন, আতিয়ার রহমান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন।
শিক্ষকেরা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ১৫ ফেব্রুয়ারি একটি ছাত্রসংগঠনের দুটি পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তেজিত ছাত্রদের একাংশ শিক্ষকদের বাসস্থান, স্কুল ও হলগুলোতে হামলা ও ভাঙচুর করে। এটি বিশ্ববিদ্যালয়ের বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।
শিক্ষকেরা ছাত্র নামধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজি, ডিআইজি ও এসপির কাছে দাবি জানান।