প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ জেলা মানিকগঞ্জে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, কখনো কখনো অভিযোগ পাওয়া যায়, জেলার কোনো কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা নিয়মিত থাকেন না। আবাসিক কোয়ার্টার থাকলেও চিকিৎসকদের কেউ কেউ ঢাকায় থাকেন। রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের তাৎক্ষণিক বদলি, এমনকি চাকরিচ্যুত করা হবে। গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।