শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
অসফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপুল টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো সফল হতে পারেনি। এগুলো ভাড়া করা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছাড়াই পরিচালিত হচ্ছে। এ ছাড়া মানসম্মত শিক্ষার অভাব এবং শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থতার কারণে এ ধরনের বিশ্ববিদ্যালয় নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।শিক্ষামন্ত্রী গতকাল শুক্রবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, অসফল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সময় সরকারের কাছে যেসব শর্ত পূরণের ওয়াদা করেছিল, দীর্ঘকাল পার হলেও তা পূরণ করতে পারেননি। বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হলেও যথোপযুক্ত শিক্ষা ও শিক্ষার পরিবেশ না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। দেশের ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ কয়েকটি ভালোভাবে চলছে—এমন মন্তব্য করে মন্ত্রী তাদের অভিনন্দন জানান। তিনি আরও বলেন, সরকার শিগগিরই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের বাস্তবায়ন শুরু করবে। শিক্ষাকে বাণিজ্যের আধার হতে দেবে না। ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নরসের সভাপতি কাজী শাহেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য ড. রফিকুল ইসলাম ও সহ-উপাচার্য ইমরান রহমান বক্তৃতা করেন।