অসম বিয়ে, অমানবিক সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেটির বয়স কম। আর মেয়েটির বেশি। তাঁরা বিয়ে করেছেন দাবি করলেও প্রতিবেশীরা তা মানতে নারাজ। প্রতিবেশীরা তাঁদের মেলামেশাকে অসামাজিক ঘোষণা দিয়ে দুজনকে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে দিয়ে মারধর করে। ছবি: শহীদুল ইসলাম
ছেলেটির বয়স কম। আর মেয়েটির বেশি। তাঁরা বিয়ে করেছেন দাবি করলেও প্রতিবেশীরা তা মানতে নারাজ। প্রতিবেশীরা তাঁদের মেলামেশাকে অসামাজিক ঘোষণা দিয়ে দুজনকে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে দিয়ে মারধর করে। ছবি: শহীদুল ইসলাম

ছেলের বয়স ২৫, মেয়ের ৩৭। তাঁদের দাবি, তাঁরা বিয়ে করেছেন। কিন্তু প্রতিবেশীরা মানতে নারাজ। প্রতিবেশীরা তাঁদের মেলামেশাকে অসামাজিক ঘোষণা দিয়ে দুজনকে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে দিয়েছেন। মারধরও করেছেন। গতকাল রোববার রাজশাহী নগরের ভাটাপাড়া এলাকায় শত শত মানুষ দাঁড়িয়ে এ দৃশ্য দেখেছেন। কিন্তু কেউ তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেননি।
তখন মেয়েটা চিৎকার করে বলেন, ‘আমরা একসঙ্গে আত্মহত্যা করে তোমাদের বুঝিয়ে দেব।’ ছেলেটির নাম রুবেল আলী। রুবেল নগরের ডিঙ্গাডোবা এলাকার মুনসুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীর আগে একবার বিয়ে হয়েছিল। ওই পক্ষের তিনটি সন্তান রয়েছে। ১৫ দিন আগে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়েছে। গত কয়েক দিন ধরে রুবেল ও নিলুফা একত্রে বসবাস করছেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী গতকাল দুপুরে ভাটাপাড়া এলাকায় ওই দুজনকে বেঁধে মারধর ও তাঁদের গলায় জুতার মালা পরিয়ে দেন। সাংবাদিকেরা ওই দুজনকে ছেড়ে দিতে বললে এলাকাবাসী তা মানেননি। বরং তাঁরা জানান, স্থানীয় কাউন্সিলর এলে এর ফয়সালা হবে। এরপর তাঁদের ছেড়ে দেওয়া হবে।
এ সময় রুবেল সাংবাদিকদের জানান, তাঁরা কোনো অসামাজিক কাজ করেননি। বিয়ে করেছেন। হুমায়ুন নামের এক কাজী তাঁদের বিয়ে রেজিস্ট্রি করেছেন। চাইলে প্রমাণ দিতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, তিন দিন ধরে রুবেল বাড়িতে ছিলেন না। ওই মেয়ের কাছে তাঁকে পাওয়া গেছে। ওখান থেকে তাঁর পরিবারের লোকেরাই তাঁকে ধরে এনেছেন। এলাকার লোকজনের হাতে তুলে দিয়েছেন। এলাকার লোকজন তাঁদের বিচার করবেন।
জানতে চাইলে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান জানান, আটকের বিষয়ে তিনি কিছু জানেন না। পরে শুনেছেন। তিনি আসার আগেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এভাবে কেউ কাউকে সাজা দিতে পারেন না। এটা অমানবিক।