অসম বিয়ে না মানায় স্কুলছাত্রী বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের চাপিয়ে দেওয়া বিয়ে মেনে না নেওয়ায় দশম শ্রেণীর এক মেধাবী ছাত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন অভিভাবকেরা। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে সে। পুলিশের হস্তক্ষেপে ২০ এপ্রিল প্রতিবেশীর বাড়িতে চার দিনের জন্য তার আশ্রয় হলেও এরপর তার ভাগ্যে কী আছে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর পলাশবাড়ী গ্রামে। ওই কিশোরীর অভিযোগ, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের বিপত্নীক মোকসেদ আলীর (৫৮) সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় মা-বাবা তাকে মারধর করেন। তাতেও রাজি না হওয়ায় পরিবারের লোকজন কৌশলে তাকে ৫ এপ্রিল উপজেলার ভবানীপুর-শেরপুরে গ্রামে তার খালার বাড়িতে নিয়ে যান। সেখানে জোর করে মোকসেদের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। ওই দিনই তাকে স্বামীর বাড়িতে যেতে বাধ্য করা হয়। দুই দিন পর সেখান থেকে সে পালিয়ে এলে আবার তাকে মারধর করে স্বামীর বাড়িতে যেতে বাধ্য করা হয়। সর্বশেষ ২০ এপ্রিল সে তার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে আসে। এরপর আর সে স্বামীর বাড়িতে যাবে না বলে জানালে আবারও তার ওপর শারীরিক নির্যাতন শুরু হয়। নির্যাতনের খবর পেয়ে ২০ এপ্রিল রাতে পার্বতীপুর মডেল থানার পুলিশ ও একদল সাংবাদিক গিয়ে কিশোরীকে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিশোরীর মা-বাবা, ভাই ও বর গ্রাম থেকে পালিয়ে যান। পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান বলেন, ‘আমরা কিশোরীকে তার প্রতিবেশী দূর সম্পর্কের চাচার বাড়িতে চার দিনের জন্য রেখে এসেছি। এটা সাময়িক সমাধান। কিশোরীর দায়-দায়িত্ব তার মা-বাবা বা কোনো নিকটাত্মীয়কেই নিতে হবে।’ কিশোরীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘সে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে তার সমস্যার কথা আমাকে জানিয়েছিল। আমি তার বাবাকে স্কুলে ডেকে এনে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু এতে কাজ হয়নি।’ কিশোরী বলে, ‘আমি পড়াশোনা করে বড় হতে চাই। জীবন গেলেও এ বিয়ে আমি মেনে নেব না। কয়েক দিন ধরে আমার খালু মুঠোফোনে হুমকি দিচ্ছে, স্বামীর বাড়িতে না গেলে আমাকে স্বর্ণালংকারসহ তিন লাখ টাকা চুরির মামলায় জড়ানো হবে।’ কিশোরীর বাবা বলেন, ‘আমি গরিব মানুষ। ভালো ঘর পাওয়ায় মেয়ের বিয়ে দিয়েছি। সে কথা না শুনলে তাকে বাড়িতে তুলব না।’ কিশোরীর আশ্রয়দাতা তার দূর সম্পর্কের চাচা গতকাল বুধবার বলেন, যদিও চার দিনের সময়সীমা আজ শেষ, তবু বিষয়টির সমাধান হলে কিশোরীকে আরও দু-চার দিন রাখতে তাঁর আপত্তি নেই। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ না করায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিনুল ইসলাম বলেন, মহিলাবিষয়ক কর্মকর্তাকে আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে পাঠানো হবে। তাঁর প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।