অসম রাজার গড় কেটে সমতল ভূমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত আছে, আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর হিসেবে আলোচিত নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বর গ্রামে অসম রাজা নামে একজন পরাক্রমশালী রাজা বাস করতেন। একদিন কৌতূহল করে অসম রাজার মা ছেলেকে বললেন, ‘এক রাতের মধ্যে আড়িয়াল খাঁ পর্যন্ত গড় তৈরি করে এর ওপর দিয়ে ঘোড়ায় চড়িয়ে যদি আমাকে স্নান করাতে পারিস, তাহলে মাতৃদুগ্ধের ঋণ পরিশোধ করা হবে।’ রাজা ছিলেন মায়ের ভক্ত, মনোবল ছিল দৃঢ়। তিনি কিছু না ভেবেই গড় তৈরির জন্য লোক নিয়োগ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর ইচ্ছা পূরণ হয়নি। কারণ গড় নির্মাণ করতে করতে আড়িয়াল খাঁ নদীর কাছাকাছি যাওয়া মাত্র ভোর হয়ে যায়। এখনো আকাশে মেঘ গর্জন করলে লোকজন বলেন, অসম রাজা ঘোড়ায় সওয়ার হচ্ছেন।ইতিহাসখ্যাত পাঁচ দশমিক ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের সেই গড় এখন অস্তিত্ব সংকটে পড়েছে। প্রতিদিন গড়ের টিলা কাটা হচ্ছে। দিন দিন কমে আসছে এর বিস্তৃতি ও উচ্চতা।উয়ারী-বটেশ্বরের উৎখনন কাজের দলনেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, উয়ারী-বটেশ্বর দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এরই মধ্যে খনন করতে গিয়ে দুর্গ এলাকায় অসম রাজার গড়, ইটের স্থাপত্য, প্রশস্ত রাস্তা, পার্শ্ব রাস্তা, দুর্গ প্রাচীর, পরিখা, লৌহনির্মিত হস্ত-কুঠার, বল্লম, পোড়ামাটির নিক্ষেপাস্ত্র, তাবিজ, ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা, উত্তর ভারতীয় কালো মসৃণ মৃৎপাত্র, কাচের পুঁথি, গর্ত নিবাস, মুদ্রা ভান্ডার, নবযুক্ত মৃৎপাত্র, ধাতব চুড়ি বা তাম্র বলাই, পোড়ামাটির চাকতি ইত্যাদি আবিষ্কৃত হয়। এগুলোর মধ্যে অসম রাজার গড় গুরুত্বপূর্ণ সংযোজন। আবিষ্কৃত দুর্গ নগরের দ্বিতীয় প্রতিরক্ষা প্রাচীর হিসেবে অসম রাজার গড় ব্যবহূত হতো। গড়টি কয়রা নদীর দক্ষিণ প্রান্ত দিয়ে অগ্রসর হয়েছে এবং আড়িয়াল খাঁ নদীর পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত হয়ে বটেশ্বর গ্রামকে ঘিরে রেখেছে। বর্তমানে গড়টির ১০ থেকে ১২ ফুট অবশিষ্ট রয়েছে। সরকার বিষয়টির প্রতি নজর দিতে দেরি করলে কিছু দিন পর হয়তো এর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না।সম্প্রতি উয়ারী-বটেশ্বরে গিয়ে দেখা যায়, নিজেদের প্রয়োজনে অনেক স্থান থেকে মাটি কেটে নিচ্ছে গ্রামবাসী। এরই মধ্যে গড় এলাকার প্রায় তিন কিলোমিটার ক্ষতের সৃষ্টি হয়েছে। চারপাশে গড়ে উঠেছে বাড়িঘর, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ও ক্লাবঘর।তবে গ্রামের কিছু মানুষ প্রত্নস্থান রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। হযরত আলী (৬৫) বলেন, ‘এগুলো মাটি নয়, সোনা। চোখের সামনে এই মাটি দিয়া বাড়ি উঁচা করতাছে, বাড়িঘর বানাইতেছে। কিছু করার নাই। সরকার কিছু করলে রক্ষা হতে পারে।’ভৈরব হাজী আসমত কলেজের প্রভাষক বরকত উল্লাহ পাঠান বলেন, অসম রাজার গড়ের বিষয়ে এলাকাবাসীর অজ্ঞতা রয়েছে। তাই যে যার মতো করে মাটি কেটে নিয়ে যাচ্ছে।গড়ের মাটি কেটে বাড়ি করেছেন কাঠ ব্যবসায়ী আ. আওয়াল। তিনি বলেন, ভূমি আমাদের। প্রয়োজনে বাড়ি করেছি। সরকার গড় রক্ষা করতে চাইলে সরকারকে এগিয়ে এসে ভূমি মালিকদের সঙ্গে সমঝোতা করতে হবে। তা না হলে মাটি কেটে নেওয়া অব্যাহত থাকবে।একই মন্তব্য করেন স্থানীয় মুদি ব্যবসায়ী মাহাবুবুর রহমান।নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘অসম রাজার গড় এলাকা থেকে মাটি কেটে নেওয়ার বিষয়টি প্রথমবারের মতো জানলাম। মূলত উয়ারী-বটেশ্বরের সবকিছু দেখাশোনা করছেন সুফি মোস্তাফিজুর রহমান। তিনি লিখিতভাবে জানালে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’