অসময়ে অল্প বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, দুঃসহ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসন্তের ঝড়। সেই ঝড়েই লন্ডভন্ড অনেক এলাকা। দমকা বাতাসে গাছ উপড়ে সুপ্রিম কোর্টের বেষ্টনীর ওপর পড়ে। এতে ভেঙে যায় বেষ্টনীর বড় একটা অংশ (ওপরে)। ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কাকরাইলের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনের দৃশ্য (বাঁয়ে)। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তায় উপড়ে পড়ে গাছ। সেই গাছ সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবিগুলো তুলেছেন হাসান রাজা ও আবদুস সালাম
বসন্তের ঝড়। সেই ঝড়েই লন্ডভন্ড অনেক এলাকা। দমকা বাতাসে গাছ উপড়ে সুপ্রিম কোর্টের বেষ্টনীর ওপর পড়ে। এতে ভেঙে যায় বেষ্টনীর বড় একটা অংশ (ওপরে)। ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কাকরাইলের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনের দৃশ্য (বাঁয়ে)। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তায় উপড়ে পড়ে গাছ। সেই গাছ সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবিগুলো তুলেছেন হাসান রাজা ও আবদুস সালাম

ঝড় ও শিলাবৃষ্টিতে গতকাল বুধবার মতিঝিল, আরামবাগ, শান্তিনগর, বেইলি রোড, বাংলা একাডেমি এলাকা, গোপীবাগসহ রাজধানীর অন্যান্য এলাকায় ব্যাপক জলাবদ্ধতা হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক এলাকায় অসহনীয় যানজট হয়। নগরের অনেক বাসিন্দা চরম দুর্ভোগে পড়েন।
বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় রাজধানীর অনেক এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় ঢাকায় মাত্র ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ঢাকা ওয়াসার মতে, আবহাওয়া দপ্তর আগারগাঁও এলাকায় বৃষ্টি পরিমাপ করে থাকে। অথচ গতকাল মতিঝিল ও আশপাশের এলাকায় দুই দফায় অল্প সময়ে প্রচুর বৃষ্টি হয়। তাই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
গতকাল প্রথম দফায় বৃষ্টি হয় দুপুর পৌনে ১২টার দিকে। এ সময়ে কিছু এলাকায় জলজট হয়। বেলা তিনটার দিকে দ্বিতীয় দফায় প্রায় ২০ মিনিট ভারী বৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে শান্তিনগর ও আশপাশের এলাকার রাস্তা হাঁটুপানিতে তলিয়ে যায়।
বেলা সাড়ে তিনটার দিকে মতিঝিল কলোনি ও টিঅ্যান্ডটি কলেজের সামনের রাস্তায় এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে প্রায় হাঁটুপানি ছিল। এ সময়ে নটর ডেম কলেজ এলাকা থেকে কাকরাইল মোড় পর্যন্ত এবং মগবাজার চৌরাস্তা থেকে মালিবাগ মোড় হয়ে শান্তিনগর, বেইলি রোড, সার্কিট হাউস রোড, সিদ্ধেশ্বরী রোড, হলি ফ্যামিলি এলাকার রাস্তা যানজটে স্থবির হয়ে পড়ে।
একটি সিএনজিচালিত অটোরিকশায় পান্থপথের উদ্দেশে যাচ্ছিলেন আবদুল হক নামের এক যাত্রী। তিনি বলেন, বেলা প্রায় সাড়ে তিনটায় আরামবাগ থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এক ঘণ্টায় ফকিরের পুল মোড় পর্যন্তও যেতে পারেননি। সিএনজিতে প্রতি মিনিটে দুই টাকা করে ওয়েটিং বিল উঠেছে।
রাজারবাগ পুলিশ হাসপাতালের কাছে যানজটে আটকা পড়া যাত্রীরা চরম বিরক্তি প্রকাশ করছিলেন। একটি ব্যক্তিগত গাড়ির আরোহী ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হচ্ছে, তাতেই বোঝা যায়, ঢাকা দিন দিন বসবাসের অনুপযোগী নগরে পরিণত হচ্ছে।
জলাবদ্ধতায় সাইলেন্সার পাইপে পানি ঢুকে পড়ায় অনেক গাড়ি বিকল হয়ে যায়। আরামবাগ থেকে ফকিরের পুল পর্যন্ত অন্তত ২০টি সিএনজিচালিত অটোরিকশাকে ঠেলে নিয়ে যেতে দেখা যায়। যানজটের কারণে এসব অটোরিকশার চালকেরা অসহায় হয়ে পড়েন।
বৃষ্টির প্রায় দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে শান্তিনগর মোড় এলাকায় হাঁটুর ওপরে পানি দেখা যায়। শান্তিনগর মোড় থেকে একদিকে মালিবাগ মোড়, অন্যদিকে কাকরাইল মোড় এলাকায় যানবাহন ছিল প্রায় স্থবির। পুরান ঢাকার গোপীবাগ, অভয় দাস লেন, কে এম দাস লেনসহ আশপাশের এলাকার কিছু রাস্তায় বিকেল পাঁচটার সময়েও পানি জমে থাকতে দেখা যায়।
ঝড়-বৃষ্টির কারণে বাংলা একাডেমি বইমেলায় অনেক স্টল ক্ষতিগ্রস্ত হয়। মেলা প্রাঙ্গণেও জলাবদ্ধতা হয়।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, অল্প সময়ে ভারী বৃষ্টি হওয়ায় কিছু এলাকায় পানি জমে। এ ছাড়া উন্নয়নকাজের জন্য সেগুনবাগিচা খালের কিছু অংশে বাঁধ দেওয়ায় পানি নামতে পারছিল না। পরে বাঁধ খুলে দেওয়া হয়।
উপব্যবস্থাপনা পরিচালক বলেন, আবহাওয়া দপ্তর আগারগাঁও এলাকায় বৃষ্টির পানি মেপেই ঢাকায় ১২ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে। কিন্তু মতিঝিল ও আশপাশের এলাকায় অল্প সময়ে অনেক বৃষ্টি হয়েছে।
এদিকে ঝড়-বৃষ্টির কারণে গতকাল নগরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না। আর কে মিশন রোডের বাসিন্দা আলমগীর আহমেদ জানান, এলাকায় দুই দফায় অন্তত প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না। দ্বিতীয় দফায় টানা তিন ঘণ্টা পুরো এলাকা ছিল বিদ্যুৎবিহীন।
কে এম দাস লেনের শিক্ষাপ্রতিষ্ঠান ইউসিসের শিক্ষিকা ঝুমুর দেবনাথ বলেন, পৌনে ১২টার দিকে প্রথম দফা ঝড়ে বিদ্যুৎ চলে যায়। দিনের বেলা হলেও এ সময়ে স্কুল এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। খুদে শিক্ষার্থীরা ভয়ও পায়।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন (স্কাডা) থেকে বলা হয়, ঝড়ের কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। নিরাপত্তার কারণেও কিছু লাইন বন্ধ রাখা হয়।