সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের আহমদপুরে কয়েক কিলোমিটার অংশের নির্মাণকাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। বরাদ্দ না থাকায় সড়কের কাজ আটকে আছে বলে সওজ জানিয়েছে।ভুক্তভোগীদের অভিযোগ, চার মাস ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। অথচ প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক শ গাড়ি চলাচল করে। তবু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা দূর করতে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।৩ মে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইপাস সড়কের সিলেট সদর উপজেলার আহমদপুরের ওই অংশটুকু ভাঙাচোরা ও গর্তে ভরা। চার মাস আগে এই অংশের পুনর্নির্মাণ করতে সড়কের ওপর ইট-সুরকি ফেলা হয়। কিন্তু সেই কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। সামান্য বৃষ্টি হলেই পুরো সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে দুটি ট্রাক, একটি যাত্রীবাহী গাড়ি, তিনটি অটোরিকশা ও পাঁচটি রিকশা বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের চালক আজিজুল হক ক্ষুব্ধ হয়ে বলেন, ‘রাতে সুনামগঞ্জ থেকে শেরপুরের উদ্দেশে যাওয়ার সময় গর্তে ট্রাকের চাকা দেবে যায়। এখন পর্যন্ত উঠাতে পারছি না।’অটোরিকশাচালক মইনুল ইসলাম বলেন, ‘সারাটা রাস্তা ভালা। আহমদপুরে আইসা ঝামেলায় পড়তে হয়। যাত্রী নিয়া যেমন যাইতে কষ্ট, তেমনি গাড়িও মাঝেমধ্যে নষ্ট অইয়া যায়।’ রিকশাচালক রহিমুদ্দিন বলেন, ‘ঠেলাইয়া-ঠুলাইয়া গাড়ি চালাইতে হয়। ই-রাস্তা ঠিক অইব কবে?’ রিকশাযাত্রী হাসান আহমদ বলেন, ‘ভাই, রিকশায় উঠেছি আরাম করে বাড়ি যাওয়ার জন্য। এখন রিকশা থেকে নেমে আমাকে রিকশা ঠেলে উপরে তুলতে হচ্ছে, বুঝেন অবস্থা!’সিলেটের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলেন, ‘জরুরি মেরামত প্রকল্পের আওতায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পুনর্নির্মাণকাজ শুরু হয়েছিল। ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ শেষও হয়েছে। তবে শেষ মুহূর্তে এসে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কাজটি আপাতত বন্ধ আছে।’ তিনি আরও বলেন, ‘টাকা পেলেই পুনরায় কাজ শুরু হবে। তবে বৃষ্টির মৌসুমটা একটু কমে গেলেই কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।’